best news portal development company in india

আগামী ১ নভেম্বর ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মতুয়া সম্মেলনে নাগরিকত্ব ও এসআইআর নিয়ে কী বার্তা দেন, সেদিকেই নজর

SHARE:

ভোটের পর এবার মতুয়া সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১ নভেম্বর থেকে ঠাকুরবাড়িতে শুরু হচ্ছে দ্বিতীয় বর্ষ আন্তর্জাতিক মতুয়া গোসাই সম্মেলন। সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাচ্ছেন তিনি। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই খবর জানিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর।

উল্লেখ্য, নির্বাচনের সময় উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার রাজনীতিতে ঠাকুরনগর বিশেষ গুরুত্ব পায়। মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক কেন্দ্র এই ঠাকুরবাড়ি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মতুয়াদের উন্নয়ন এবং নাগরিকত্বের বিষয়টি নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার মুখ্যমন্ত্রীর সফরে সেই প্রতিশ্রুতিগুলির বাস্তবায়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মতুয়া সমাজের অন্যতম প্রধান দাবি নাগরিকত্ব। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-তে আবেদন এবং তার নিষ্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। ইতিমধ্যেই সিএএ-র আবেদন যাচাইয়ের দায়িত্ব জেলাশাসকদের হাতে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে আবেদন প্রক্রিয়া দ্রুত এগোবে বলে আশা করা হচ্ছে।

এর আগে পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সিএএ-র শংসাপত্র পাওয়া এবং ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সমস্যা হবে না। তবে এসআইআর প্রক্রিয়ায় অনেকের নাম বাদ পড়া এবং ট্রাইব্যুনালে একাধিক আবেদন ঝুলে থাকা নিয়ে মতুয়া সমাজের একাংশের মধ্যে উদ্বেগ রয়েছে।

এই পরিস্থিতিতে ১ নভেম্বর ঠাকুরবাড়ির মঞ্চ থেকে নাগরিকত্ব, এসআইআর এবং এলাকার উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে মতুয়া সমাজ।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *