কালীপুজোর ছুটি কাটলেই রাজ্যে স্কুল শিক্ষক নিয়োগের বাকি ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা। প্রাথমিক থেকে শুরু করে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্থগিত থাকা ইন্টারভিউ দ্রুত শেষ করার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি রবিরঞ্জন সেন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ইন্টারভিউ শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, পুরনো ইন্টারভিউ প্রক্রিয়ার নিয়মে কোনও পরিবর্তন হচ্ছে না।
প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, নভেম্বরের মধ্যেই ইন্টারভিউ পর্ব শেষ করার লক্ষ্যে এগোচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সব মিলিয়ে প্রায় ৫০ হাজার শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া চলছে। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের কাছে এই খবর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
২০২২ সালের টেট উত্তীর্ণদের মধ্যে ১৩ হাজার ৪২১ জনকে নিয়োগের জন্য ২০২৫ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত বছরের ৩১ ডিসেম্বর থেকে জেলাভিত্তিক ইন্টারভিউ শুরু হয়। প্রথম চারটি পর্যায়ের পর পঞ্চম থেকে দশম পর্যায়ের ইন্টারভিউয়ের সূচিও প্রকাশ করা হয়। নদিয়া জেলায় পঞ্চম পর্যায়ের ইন্টারভিউ সম্পন্ন হলেও নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর পুরুলিয়ার ইন্টারভিউ স্থগিত হয়ে যায়।
এদিকে, নতুন সংরক্ষণ আইন অনুযায়ী প্রার্থীদের জাতিগত তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। সেই প্রক্রিয়া চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। অন্যদিকে, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরেও সংশোধিত তালিকা প্রকাশের পর স্থগিত থাকা ইন্টারভিউ নেওয়ার প্রস্তুতি চলছে।
সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা অনুযায়ী, ২০২৭ সালের ৩১ মে-র মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তাই দ্রুত ইন্টারভিউ শেষ করে পরবর্তী ধাপে এগোতে চাইছে কর্তৃপক্ষ। এবার নিয়োগ প্রক্রিয়া কত দ্রুত সম্পন্ন হয়, সেদিকেই নজর চাকরিপ্রার্থীদের।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







