best news portal development company in india

মদন মিত্রের চোখের জল নিয়ে দুঃখপ্রকাশ শিউলি সাহার, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী’, নিরাপত্তা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ

SHARE:

মদন মিত্রের আবেগঘন মন্তব্যের পর এবার মুখ খুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল বিধায়ক শিউলি সাহা। মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী বলে উল্লেখ করে মদন মিত্রের চোখের জলের জন্য দুঃখপ্রকাশ করলেন কেশপুরের বিধায়ক। একইসঙ্গে নিজের নিরাপত্তা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। তাঁর অভিযোগ, নিরাপত্তার অভাবে পুজোর সময় নিজের বিধানসভা এলাকায় পর্যন্ত যেতে পারেননি। ফলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগও পাননি।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে রাজনীতি নিয়ে হতাশা প্রকাশ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কামারহাটির বিধায়ক মদন মিত্র। রাজনীতিকে ঘৃণা করার কথা বলার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজয়ার শুভেচ্ছাও জানান তিনি। সেই প্রসঙ্গেই শুক্রবার শিউলি সাহা বলেন, মদন মিত্র যা বলেছেন, তা যথার্থ। তাঁর দাবি, শুধু মদন মিত্র নন, একাধিক বিধায়ক একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন।

শিউলি সাহার অভিযোগ, বিডিও সরকারি সামগ্রী মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বললেও নিরাপত্তার অভাবে তিনি নিজের এলাকায় যেতে পারেননি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেও পারেননি বলে দাবি করেন তিনি।

নির্বাচন কমিশনের উদ্দেশে শিউলি বলেন, ২৯৪টি আসনের মধ্যে একটি আসনের নির্বাচিত বিধায়ক তিনি। অথচ দিনের পর দিন নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে তাঁকে। এসপি, ওসি এবং বিডিও-সহ প্রশাসনের বিভিন্ন স্তরে বিষয়টি জানিয়েও কোনও সমাধান হয়নি বলে অভিযোগ তাঁর। এমনকী, বিজেপি নেতাদের কাছেও সাহায্য চেয়েছিলেন বলে জানান তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন কি না, এই প্রশ্নের উত্তরে শিউলি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। ওঁকে প্রণাম, শ্রদ্ধা জানাই। কিন্তু ওঁর সামনে যাওয়ার মতো পরিস্থিতি বর্তমানে নেই।”

মদন মিত্রের রাজনীতি থেকে অবসর নেওয়ার ইঙ্গিত এবং শিউলি সাহার এই মন্তব্যকে ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *