best news portal development company in india

খালি পায়ে শাড়ি পরেই ১৬০০ মিটার দৌড়! ‘স্বপ্নের চাকরি’ পেলেন দুই সন্তানের মা

SHARE:

সংসারের দায়িত্ব কাঁধে, চোখে স্বপ্নের চাকরি পাওয়ার আশা। আর সেই স্বপ্ন পূরণ করতেই খালি পায়ে শাড়ি পরে ১৬০০ মিটার দৌড়! ঝাড়খণ্ডের গৃহবধূ কবিতা মাহাতোর এই অসাধারণ লড়াইয়ের ভিডিও এখন ভাইরাল সমাজমাধ্যমে। ইটভাঁটিতে কাজ করেও হাল ছাড়েননি তিনি। অবশেষে হোম গার্ডের চাকরি পাওয়ার সাফল্যে নতুন করে আলোচনায় উঠে এসেছেন দুই সন্তানের এই মা।

জানা গিয়েছে, তিন বছর আগে স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন কবিতা। সংসার চালাতে শুরু করেন ইটভাঁটিতে কাজ। কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যেও হোম গার্ড হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। সেই লক্ষ্যেই চাকরির শারীরিক পরীক্ষায় অংশ নেন। শাড়ি পরেই খালি পায়ে দৌড়ে সফলভাবে পরীক্ষার ধাপগুলি অতিক্রম করার দৃশ্য নজর কেড়েছে নেটিজেনদের।

কবিতার এই সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিহারের ইমামগঞ্জের দীপা মাঝিও। তাঁর বক্তব্য, নিষ্ঠা ও দৃঢ়সংকল্প থাকলে নারীরা কঠিন চ্যালেঞ্জও অতিক্রম করতে পারেন। একইসঙ্গে কবিতার মতো মহিলাদের উৎসাহ ও সম্মান দেওয়ার জন্য ঝাড়খণ্ড প্রশাসনের কাছেও আবেদন জানিয়েছেন তিনি।

কবিতা মাহাতোর এই কাহিনি শুধু একটি চাকরি পাওয়ার গল্প নয়, বরং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলার অনুপ্রেরণা। তাঁর লড়াই আরও অনেককে নতুন করে সাহস জোগাবে, এমনটাই আশা করছেন অনেকে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *