নয়ডার সেক্টর ১৮-এর ডিএলএফ মল অফ ইন্ডিয়ার একটি বিপণিতে ঘি ও রিফাইন্ড তেল চুরির অভিযোগে এক মহিলাকে আটক করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রবিবার ‘লে মার্চে’ দোকানে কেনাকাটার সময় ব্যাগের মধ্যে ঘিয়ের বয়াম ও রিফাইন্ড তেলের বোতল লুকিয়ে রাখেন ওই মহিলা। সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নজরে আসে কর্মীদের।
দোকান থেকে বেরোনোর সময় নিরাপত্তারক্ষীরা ওই মহিলাকে আটক করেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মলের ভিতরে নিরাপত্তারক্ষীরা তাঁকে নিয়ে যাচ্ছেন এবং তিনি ফোন দিয়ে মুখ আড়াল করার চেষ্টা করছেন।
দোকানের কর্মীদের দাবি, ওই মহিলা গত এক মাসেরও বেশি সময় ধরে দোকানে যাতায়াত করছিলেন। আগেও তাঁর বিরুদ্ধে একই ধরনের চুরির সন্দেহ হয়েছিল বলে দাবি কর্মীদের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বেশ কয়েকটি ঘটনার কথা জানতে পারেন তাঁরা।
অভিযোগ, এখনও পর্যন্ত কয়েক হাজার টাকার ঘি-সহ বিভিন্ন মুদিপণ্য ওই মহিলা সরিয়ে থাকতে পারেন। তবে পুরো ঘটনার সত্যতা এবং চুরির পরিমাণ তদন্তের পরই স্পষ্ট হবে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







