কেদারনাথের পাহাড় পরিষ্কার রাখতে শুরু হয়েছে বিশেষ উদ্যোগ ‘ক্যারি মি ব্যাক’। তীর্থযাত্রীরা ফেরার সময় নিজেদের সঙ্গে করে নিয়ে আসছেন প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য। স্থানীয় প্রশাসনের এই উদ্যোগে সাড়া দিয়ে গত কয়েক মাসে প্রায় ৫ হাজার পুণ্যার্থী ১২ টনেরও বেশি বর্জ্য পাহাড় থেকে নিচে নামিয়ে এনেছেন বলে জানা গিয়েছে।
১১ হাজার ৭৫৫ ফুট উচ্চতায় অবস্থিত কেদারনাথে গৌরীকুণ্ড থেকে প্রায় ১৮ কিলোমিটার দুর্গম পথ পেরিয়ে পৌঁছতে হয়। প্রতিকূল আবহাওয়া ও দুর্গম ভূপ্রকৃতির কারণে সেখানে বর্জ্য ব্যবস্থাপনা যথেষ্ট কঠিন। সেই সমস্যা মোকাবিলাতেই জুন মাসে এই সাফাই অভিযানের উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন।
দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য, ওড়িশা-সহ দেশের বিভিন্ন প্রান্তের তীর্থযাত্রীদের বর্জ্যের ব্যাগ নিয়ে পাহাড় থেকে নামতে দেখা যাচ্ছে। কেউ হেঁটে, আবার কেউ সাইকেলে করেও বর্জ্য নামিয়ে আনছেন। গুরুগ্রামের ২৮ বছরের অঙ্কিতা সিং তাঁর দুই বন্ধুর সঙ্গে প্রায় ৮ কেজি বর্জ্য নামিয়ে এনেছেন বলে জানা গিয়েছে।
প্রশাসনের আশা, তীর্থযাত্রীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেদারনাথের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাহাড়কে পরিষ্কার রাখতে পর্যটক ও পুণ্যার্থীরা এভাবে সচেতন হলে ‘ক্যারি মি ব্যাক’ উদ্যোগ আরও সফল হবে বলে মনে করছেন প্রশাসনের আধিকারিকরা।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







