বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর ‘সমাজ সংস্কারক’ ভূমিকা নিয়ে চর্চা শুরু হয়েছে। রবিবার সেবা সংকল্প অভিযান ক্যাম্পে যাওয়ার পথে টিটাগড় পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ডোমপট্টি এলাকায় রাস্তার ধারে প্রকাশ্যে সাট্টার ঠেক দেখতে পান বলে দাবি করেন তিনি। এরপর গাড়ি থামিয়ে সঙ্গীদের নিয়ে সেখানে পৌঁছন বিধায়ক।
অভিযোগ, ঘটনাস্থলে সাট্টার টিকিট বিক্রি হচ্ছিল। বিধায়ক ও তাঁর সঙ্গীদের দেখে কয়েকজন পালানোর চেষ্টা করলেও দু’জনকে ধরে ফেলা হয় বলে দাবি। পরে তাঁদের খড়দহ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এলাকায় বেআইনি কার্যকলাপ বন্ধ করার বিষয়ে সতর্কবার্তাও দেন কৌস্তভ।
বিধায়কের দাবি, সাট্টা, জুয়া ও মদের মতো বেআইনি কার্যকলাপ বহু পরিবারের ক্ষতি করছে। এমন ঘটনা দেখলে সাধারণ মানুষকেও প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পুলিশ জানিয়েছে, ধৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই কারবারের সঙ্গে আরও কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







