best news portal development company in india

রূপনারায়ণপুর থেকে মিহিজাম যাওয়ার এনএইচ-৪১৯ এর বেহাল দশা, দুর্ঘটনাকে ডাকছে খানাখন্দ

SHARE:

সালানপুর: রূপনারায়ণপুর থেকে মিহিজাম যাওয়ার জাতীয় সড়ক ৪১৯-এর অবস্থা দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। ঝাড়খণ্ডের মিহিজাম পৌরপরিষদ এলাকা পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢোকার মুখেই রাস্তা জুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত। যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা।

মিহিজাম থেকে বাংলায় ঢুকতেই চালকদের স্বাগত জানাচ্ছে এই মরণফাঁদ। বিশেষ করে পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে অবস্থা সবচেয়ে খারাপ। সীমান্তে ঢোকার মুখে জেলা পরিষদের অধীনে থাকা প্রায় ১০০ মিটারের বেশি রাস্তা একেবারে বেহাল। কয়েক ডজন গর্তে ভরে গিয়েছে গোটা অংশ। বৃষ্টির জল জমে সেই গর্তগুলি এখন ছোটখাটো পুকুরের চেহারা নিয়েছে।

এর ফলে চরম ভোগান্তিতে পড়ছেন ভারী গাড়ি ও চার চাকার চালকরা। গর্তে জল জমে থাকায় গভীরতা বোঝা যাচ্ছে না। প্রায়ই ভারী গাড়ির চাকা গর্তে পড়ে একদিকে কাত হয়ে যাচ্ছে, উল্টে যাওয়ার উপক্রম হচ্ছে। এমনকি সবজি বোঝাই টোটো পর্যন্ত উল্টে যাচ্ছে বলে অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, এই বিষয়ে বারাবনি বিধায়ক অরিজিৎ রায়কে বারবার জানানো হলেও এখনও কোনও সুরাহা হয়নি। রাস্তা কবে সারাই হবে, সেই দিন গুনছেন এলাকাবাসী। প্রশ্ন উঠছে, তবে কি কোনও বড় দুর্ঘটনা ঘটার পরেই ঘুম ভাঙবে প্রশাসনের?

 

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *