আসানসোল: প্রতি বছরের মতো এবছরও আসানসোলের কন্যাপুর যাওয়ার রাস্তার ধারে অবস্থিত রাধেশ্যাম মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় পূজা ও নর-নারায়ণ সেবার। এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অভিজিৎ রায়।
অনুষ্ঠান চলাকালীন রাত হয়ে যাওয়ায় মন্দির সংলগ্ন রাস্তার একটি অংশ অন্ধকারে ডুবে যায়। ফলে মন্দিরে আসা ভক্তদের যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসে উপস্থিতদের। এরপর ইসকনের পক্ষ থেকে সেখানে একটি সোলার লাইটের প্রয়োজনীয়তার কথা বিজেপি নেতা অভিজিৎ রায়কে জানানো হয়।
অভিযোগ বা দাবি শোনার পর বিষয়টি নিয়ে দ্রুত উদ্যোগ নেন অভিজিৎ রায়। মন্দিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেখানে আলোয়ের ব্যবস্থা করে দেওয়া হয়।
ঘটনার পর মন্দিরের ভক্তদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। তাঁদের বক্তব্য, সিনেমায় অনেক সময় এমন ঘটনা দেখা যায়—কেউ সমস্যার কথা বলল এবং কয়েক মিনিটের মধ্যেই তার সমাধান হয়ে গেল। কিন্তু এবার তাঁরা বাস্তবে এমন ঘটনার সাক্ষী হলেন।
এক ভক্ত বলেন, “আমরা সিনেমায় দেখেছি, মাত্র কয়েক মিনিটের মধ্যে সমস্যার সমাধান হয়ে যায়। আজ বাস্তবে সেটা দেখলাম। আলোয়ের সমস্যার কথা জানানোর পর মাত্র দশ মিনিটের মধ্যেই লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।”
স্থানীয়দের বক্তব্য, মন্দির ও সংলগ্ন এলাকায় রাতের সময় আলোর ব্যবস্থা হওয়ায় ভক্তদের যাতায়াত আরও সহজ হবে এবং নিরাপত্তার দিক থেকেও সুবিধা হবে।
ধর্মীয় অনুষ্ঠানের মাঝে সাধারণ মানুষের সমস্যার কথা শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার এই ঘটনাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের মধ্যে যথেষ্ট আলোচনা তৈরি হয়।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






