best news portal development company in india

‘মুখ্যমন্ত্রীর নির্দেশেই রাস্তায় নেমে কাজ করছি’, নির্দেশ দেওয়ার খবরকে অপপ্রচার বললেন অগ্নিমিত্রা পাল

SHARE:

অগ্নিমিত্রা পাল এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দপ্তরে বসে কাজ করার নির্দেশ দিয়েছেন—এমন খবর প্রকাশ্যে আসার পর তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার আসানসোলে এসে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী দাবি করেন, এই খবর সম্পূর্ণ ভুল এবং অপপ্রচার। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী এমন কোনও নির্দেশ দেননি।

অগ্নিমিত্রা বলেন, মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকেও রাতে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ীই কাজ করছেন এবং আগামী দিনেও একইভাবে কাজ করবেন।

রাস্তায় নেমে কাজ করা প্রসঙ্গে অগ্নিমিত্রা জানান, শহরের বিভিন্ন সমস্যা সরেজমিনে খতিয়ে দেখতেই ফিল্ড ওয়ার্ক করছেন তাঁরা। তাঁর কথায়, পুলিশ, প্রশাসন এবং নগরোন্নয়ন দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে শহর পরিষ্কার রাখার কাজ চলছে। দীর্ঘদিনের কিছু অভ্যাস বদলাতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলেও জানান তিনি।

ফুটপাত দখল ও পার্কিং নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন অগ্নিমিত্রা। তাঁর বক্তব্য, ফুটপাতে কোনও গাড়ি বা মোটরসাইকেল রাখা যাবে না। কোথায় পার্কিং করা যাবে, তা পুলিশ মার্কিং করে দেবে। পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় ডাস্টবিন বসানো এবং বাথরুম তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শহর পরিষ্কার রাখার জন্য সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে বার্তা দেন মন্ত্রী।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *