বাংলায় শিল্প বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী সপ্তাহেই কলকাতায় আসছে রিলায়েন্স গোষ্ঠীর প্রতিনিধিদল। বুধবার, ২৩ সেপ্টেম্বর, মিলন মেলা প্রাঙ্গণে ৩৩টি শিল্প সংস্থাকে জমি হস্তান্তর অনুষ্ঠানে এমনটাই জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রিলায়েন্স গোষ্ঠী রাজ্যের চার থেকে পাঁচটি ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী।
মুখ্যমন্ত্রী জানান, মুকেশ অম্বানীর সঙ্গে তাঁর কথা হয়েছে। আগামী সপ্তাহে রিলায়েন্সের প্রতিনিধিরা কলকাতায় এসে রাজ্যের শিল্প পরিকাঠামো খতিয়ে দেখবেন। তবে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ হতে পারে, কিংবা সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ কত—তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, সম্প্রতি মুম্বইয়ে অ্যান্টিলিয়ায় গিয়ে মুকেশ অম্বানী ও তাঁর ছেলে অনন্ত অম্বানীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। তাঁদের হাতে মা কালীর মূর্তি উপহার দেন তিনি। ওই বৈঠকে বাংলায় শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।
বৈঠকের পর সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান তৈরির সম্ভাবনা নিয়ে তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। রাজ্যের যুবসমাজের উন্নতি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক বিকাশে সহায়ক বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলা।
রাজ্য সরকারের দাবি, শিল্পবান্ধব পরিকাঠামো গড়ে তোলা এবং নতুন বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই তাদের লক্ষ্য। রিলায়েন্সের প্রতিনিধিদলের প্রস্তাবিত সফর সেই উদ্যোগেরই অংশ বলে মনে করা হচ্ছে।
তবে প্রতিনিধিদলের সফরের নির্দিষ্ট দিনক্ষণ, সম্ভাব্য প্রকল্প এবং বিনিয়োগের অঙ্ক নিয়ে এখনও বিস্তারিত ঘোষণা হয়নি। ফলে রিলায়েন্সের সম্ভাব্য বিনিয়োগের বাস্তব রূপ জানতে আগামী সপ্তাহের বৈঠক ও পরবর্তী সরকারি ঘোষণার দিকেই নজর থাকবে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







