রেলের সাদা চাদর চুরি—এমন অভিযোগ নতুন নয়। কিন্তু চাদর স্যুটকেসে নিয়ে ধরা পড়ার পরেও যদি চলে তুমুল তর্ক, তা হলে চর্চা তো হবেই!
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, এক দম্পতির স্যুটকেস খুলতেই বেরিয়ে আসে রেলের বেডশিট। অভিযোগ, রেলের চাদর নিয়ে যাচ্ছিলেন তাঁরা। আর ধরা পড়তেই ওই মহিলার সঙ্গে শুরু হয় এক ব্যক্তির কথা কাটাকাটি।
কেন চাদর নিয়েছেন? প্রশ্নের উত্তরে মহিলার দাবি, তাঁদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে—আর সেই টাকা নিয়েছেন টিকিট পরীক্ষক। বারবার প্রশ্ন উঠলেও মহিলাকে বলতে শোনা যায়, “আমরা তো ফিরিয়েই দিচ্ছি।” এদিকে, গোটা ঘটনায় স্বামীকে হাসতে দেখা যায়। ক্যামেরা বন্ধ করার অনুরোধও জানান তিনি।
ভিডিওটি ঘিরে নেটমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। তবে ঘটনাটি কোথায়, কবে ঘটেছে এবং অতিরিক্ত টাকা নেওয়ার দাবির সত্যতা—তা ভিডিও থেকে স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
রেলের চাদর নিয়ে যাওয়ার অভিযোগের পাশাপাশি, ধরা পড়ার পর এমন আচরণ নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ। চাদর ফেরত দেওয়ার কথা বললেই কি অভিযোগের দায় শেষ? সেই প্রশ্নই এখন ঘুরছে নেটপাড়ায়।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







