সল্টলেকের রাস্তায় যত্রতত্র ময়লার স্তুপ, ফুটপাথ দখল আর বেআইনি পার্কিং—সব দেখে ক্ষোভে ফেটে পড়লেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মঙ্গলবার সকালে সল্টলেকের ৩৯ নম্বর ওয়ার্ডে যান তিনি। হ্যান্ডমাইক হাতে সিএ মার্কেট, সিকে এবং সিএল ব্লক ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী।
পরিদর্শনের সময় তাঁর নজরে আসে, বিভিন্ন জায়গায় ফুটপাথের উপর দেদার ব্যক্তিগত গাড়ি পার্ক করা রয়েছে। শুধু তাই নয়, একটি নির্মীয়মাণ বহুতলের সামনে ফুটপাথজুড়ে পড়ে রয়েছে ইট, বালি-সহ একাধিক নির্মাণসামগ্রী। ফলে পথচারী এবং স্কুলপড়ুয়াদের যাতায়াতে ব্যাপক সমস্যা হচ্ছে দেখে ক্ষোভ প্রকাশ করেন অগ্নিমিত্রা।
নির্মাণকাজের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে ডেকে সরাসরি নির্দেশ দেন তিনি। অগ্নিমিত্রার স্পষ্ট বার্তা—রাতের মধ্যেই ফুটপাথ থেকে সমস্ত নির্মাণসামগ্রী সরিয়ে ফেলতে হবে। তা না হলে আইন মেনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে পরে আবারও এসে কাজ হয়েছে কি না, তা খতিয়ে দেখবেন বলেও জানান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও ফুটপাথ দখল এবং বেআইনি পার্কিংয়ের সমস্যার সমাধান হয়নি। এরপরই মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ফুটপাথ দখল করে ব্যবসা চালানো কিংবা সেখানে ব্যক্তিগত গাড়ি রেখে দেওয়া কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
অগ্নিমিত্রার প্রশ্ন, ফুটপাথে দোকান বা গাড়ি থাকায় স্কুলপড়ুয়াদের রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে। কোনও দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? তাঁর বার্তা—শহরের ফুটপাথ পথচারীদের জন্য, সেখানে বেআইনি দখল বা পার্কিং করে চলাচলের রাস্তা বন্ধ করা যাবে না।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







