best news portal development company in india

সব জল্পনার অবসান! নন্দীগ্রামে বিজেপির প্রার্থী সেই হাসিরানি রথ, মনোনয়নেও থাকছেন শুভেন্দু

SHARE:

নন্দীগ্রাম নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবশেষে অবসান। সব হিসাব-নিকাশ পেরিয়ে নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন হাসিরানি রথ। প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি দেবীর নাম মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল বিজেপি নেতৃত্ব। রেজিনগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন শাখারভ সরকার।

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর কেন্দ্রে উপনির্বাচন। তার আগেই মঙ্গলবার হলদিয়ার মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেওয়ার কথা হাসিরানি দেবীর। মনোনয়ন পর্বে তাঁর সঙ্গে থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

ছেলেকে হারানোর শোক এখনও রয়েছে। তার মধ্যেই বিজেপির হয়ে নির্বাচনী লড়াইয়ে নামার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হাসিরানি রথ। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর মঙ্গলবার সকালে রেয়াপাড়ার জানকীনাথ মন্দিরে পুজো দেন তিনি। এরপরই আত্মবিশ্বাসের সুরে জানান, দল তাঁর উপর ভরসা রেখেছে, সংগঠন তাঁর সঙ্গে রয়েছে এবং তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।

নন্দীগ্রামের এই উপনির্বাচনের পিছনে রয়েছে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সমীকরণ। সেই নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হয় তাঁকে। ভবানীপুর আসনটি রেখে নন্দীগ্রাম ছেড়ে দেন তিনি। ফলে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।

এর আগে নন্দীগ্রাম থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে রাজ্য রাজনীতিতে বড় চমক তৈরি করেছিলেন শুভেন্দু। এবার অবশ্য তিনি নিজে প্রার্থী নন। তাই তাঁর ঘনিষ্ঠ কাউকে নন্দীগ্রাম থেকে জিতিয়ে আনার কৌশল নিয়েই জল্পনা চলছিল।

সম্ভাব্য প্রার্থী হিসেবে একাধিক নাম উঠে এসেছিল। বিজেপি নেতা মেঘনাদ পাল, অঞ্জন পাল-সহ কয়েকজনের নাম নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত বাজি ধরা হল হাসিরানি রথের উপর।

এর আগে হাসিরানি নিজেই জানিয়েছিলেন, পরিবারের ‘অভিভাবক’ শুভেন্দু অধিকারী যদি তাঁকে দায়িত্ব দেন, তাহলে তিনি নির্বাচনে লড়তে প্রস্তুত। এবার সেই জল্পনাতেই আনুষ্ঠানিক সিলমোহর দিল বিজেপি। নন্দীগ্রামে এবার তাই লড়াই শুধু একটি উপনির্বাচন নয়—শুভেন্দুর গড়ে বিজেপি নিজের দখল ধরে রাখতে পারে কি না, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *