রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কি এবার ইউরোপের নিরাপত্তায় আরও বড় প্রভাব ফেলতে চলেছে? রবিবার পশ্চিম ইউক্রেনে পোল্যান্ড সীমান্তের মাত্র কয়েক কিলোমিটার দূরে রুশ ড্রোন হামলায় লক্ষ্যবস্তু হল কিয়েভ থেকে ওয়ারশগামী একটি যাত্রীবাহী ট্রেন। ঘটনায় কোনও যাত্রী আহত হননি, তবে হামলার জেরে নতুন করে চড়েছে উত্তেজনার পারদ।
ইউক্রেনের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, PKP Intercity-র ট্রেনটিতে ২০৬ জন যাত্রী ছিলেন। পোল্যান্ড সীমান্ত থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ট্রেনটির লোকোমোটিভে রুশ ড্রোন আঘাত হানে। আগাম সতর্কবার্তা পাওয়ায় যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয় এবং বড় ধরনের বিপর্যয় এড়ানো যায়।
ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ একই রেলপথ দিয়ে কিছুক্ষণ আগেই ইউরোপীয় বিশিষ্ট ব্যক্তিদের বহনকারী একটি কূটনৈতিক ট্রেন গিয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও প্রাক্তন সুইডিশ প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট। ইউক্রেনীয় রেল কর্তৃপক্ষ সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না যে কূটনৈতিক ট্রেনটিই হামলার সম্ভাব্য লক্ষ্য হতে পারে, যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়।
এর পাশাপাশি পোল্যান্ড সীমান্তের আরও কাছেও ড্রোন হামলার খবর পাওয়া গিয়েছে। ফলে পোল্যান্ডে সতর্কতা বেড়েছে। কারণ পোল্যান্ড ন্যাটো সদস্য দেশ এবং ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে এমন হামলা ইউরোপীয় নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করছে।
তবে এই মুহূর্তে পোল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামছে—এমন কোনও তথ্য নেই। বরং প্রশ্ন উঠছে, সীমান্তের এত কাছে হামলা কি রাশিয়া-ন্যাটো উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে?
ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ যে ইউরোপের দরজার আরও কাছে পৌঁছে যাচ্ছে, রবিবারের এই ঘটনাই তার বড় সতর্কবার্তা হয়ে উঠেছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







