বাঙালি জাতিকে অপমানের অভিযোগে বাগেশ্বর ধামের পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ওরফে ‘বাগেশ্বর বাবা’-র বিরুদ্ধে FIR দায়েরের সিদ্ধান্ত নিল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস।
কংগ্রেসের অভিযোগ, বাংলায় এসে ধীরেন্দ্র শাস্ত্রী বাঙালি জাতির প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন। এই বক্তব্যের প্রতিবাদেই এবার আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল।
দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ জানিয়েছেন, ভবানীপুর থানায় ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের করা হবে। সেই কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষকে ভবানীপুর থানার সামনে জমায়েত হওয়ার আহ্বানও জানানো হয়েছে।
কংগ্রেস নেতৃত্বের দাবি, কোনও ব্যক্তি বা সংগঠনেরই সমগ্র বাঙালি জাতিকে অপমান করার অধিকার নেই। তাই অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস।
এদিকে, ধীরেন্দ্র শাস্ত্রী বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







