best news portal development company in india

ফিরহাদ হাকিমের দুই সংস্থায় দুর্নীতি বিরোধী দপ্তরের অভিযান! ‘চরিত্রহনন’, পাল্টা দাবি মন্ত্রীর

SHARE:

বৃহস্পতিবার বিকেলে ফিরহাদ হাকিমের সঙ্গে যুক্ত দুই সংস্থায় অভিযান চালাল রাজ্যের দুর্নীতি বিরোধী দপ্তর। ঘটনাকে ঘিরে রাতেই মুখ খুলে তীব্র প্রতিক্রিয়া দিলেন ফিরহাদ হাকিম। তাঁর দাবি, এই অভিযান দুর্নীতির তদন্তের জন্য নয়, বরং তাঁর চরিত্রহননের উদ্দেশ্যেই করা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর কোনও সংস্থাতেই দুর্নীতি নেই এবং তিনি আইন মেনেই ব্যবসা করেন।

তৃণমূল আমলে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বর্তমান রাজ্য সরকার বিশেষ প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন গঠন করেছে বলে নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে।

শিক্ষা, খাদ্য, পুরসভা, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আমফান ত্রাণে অনিয়ম—একাধিক অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব রয়েছে এই কমিশনের। আর বৃহস্পতিবার সেই কমিশনেরই তিন সদস্যের প্রতিনিধি দল, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে, ফিরহাদ হাকিমের সঙ্গে যুক্ত দুটি সংস্থায় যায়।

‘হাকিম পলিমেকার্স প্রাইভেট লিমিটেড’ এবং ‘হাকিম কেমিক্যালস’—প্লাস্টিক সামগ্রী উৎপাদনকারী এই দুই সংস্থায় তল্লাশি চালান তদন্তকারীরা। অভিযোগ, সংস্থাগুলির সম্পত্তি সংক্রান্ত কিছু বিষয়ে সংশয় রয়েছে। সেই কারণেই সংস্থার বিভিন্ন কাগজপত্র ও নথি খতিয়ে দেখা হয় বলে জানা গিয়েছে।

তল্লাশির সময় অবশ্য ফিরহাদ হাকিম বা তাঁর পরিবারের কোনও সদস্য সেখানে উপস্থিত ছিলেন না। অভিযান শেষ হওয়ার পরই গোটা ঘটনাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন ফিরহাদ।

তাঁর বক্তব্য, তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন এবং সেই ব্যবসা আইন মেনেই পরিচালিত হয়। ফিরহাদের দাবি, চাকরি না পেয়ে ১৯৮৫ সালে তিনি একটি ছোট কারখানা শুরু করেছিলেন। ধীরে ধীরে সেই কারখানা বড় হয়েছে।

টালিগঞ্জের একটি পুরনো রাইস মিলের জায়গা ভাড়া নিয়ে ব্যবসা করার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। ফিরহাদের দাবি, ওই জায়গায় শুধু তাঁর কারখানা নয়, আরও অনেকের ব্যবসা রয়েছে। তাহলে তাঁর ব্যবসার ক্ষেত্রে দুর্নীতির প্রশ্ন উঠছে কেন—সেই প্রশ্নই তুলেছেন তিনি।

এখন তদন্তকারীদের হাতে উঠে আসা নথিতে কী তথ্য মিলল, সম্পত্তি সংক্রান্ত অভিযোগের ভিত্তি কতটা সত্যি এবং এই অভিযানের পর তদন্ত কোন দিকে এগোয়—সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

একদিকে দুর্নীতি বিরোধী কমিশনের তদন্ত, অন্যদিকে গোটা অভিযানকে ‘চরিত্রহনন’ বলে পাল্টা দাবি ফিরহাদ হাকিমের। ফলে এই অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *