এবার আর রাস্তাঘাটে যেখানে-সেখানে পানের পিক ফেলা কিংবা আবর্জনা ছড়িয়ে দেওয়া নয়। নিয়ম ভাঙলেই গুনতে হবে জরিমানা। ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত পুরনিগম, পুরসভা এবং নোটিফায়েড এলাকায় কার্যকর হয়েছে নতুন বিধিনিষেধ। শহরকে পরিচ্ছন্ন রাখতে এবার আরও কড়া হাতে নিয়ম কার্যকর করার পথে রাজ্য সরকার।
নতুন নিয়ম অনুযায়ী, প্রকাশ্যে থুতু ফেললে প্রতিবার ১০০ টাকা জরিমানা দিতে হবে। প্রকাশ্যে মলত্যাগ বা প্রস্রাব করলে দিতে হবে ২০০ টাকা। একইভাবে রাস্তায় যত্রতত্র আবর্জনা ফেলা কিংবা নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করলেও ২০০ টাকা করে জরিমানা করা হবে।
তবে সরকারের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য কোনওভাবেই রাজস্ব সংগ্রহ করা নয়। বরং নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং পরিচ্ছন্নতা ও দায়িত্বশীল আচরণের অভ্যাস তৈরি করাই এই পদক্ষেপের উদ্দেশ্য।
প্রথম পর্যায়ে সাধারণ মানুষকে নিয়ম মেনে চলতে উৎসাহিত করা হবে। সচেতনতা প্রচারের মাধ্যমে নাগরিকদের নিয়ম সম্পর্কে জানানো হবে। তবে প্রয়োজন হলে পরবর্তী সময়ে নিয়ম ভাঙার ক্ষেত্রে জরিমানাও করা হবে।
অর্থাৎ শহর পরিষ্কার রাখার দায়িত্ব এবার শুধু পুরসভার নয়, সাধারণ নাগরিকেরও। রাস্তায় পিক ফেলা থেকে শুরু করে আবর্জনা ছোড়া—সবকিছুর উপরই এবার নজর থাকবে প্রশাসনের। নিয়ম ভাঙলে ‘সতর্কবার্তা’ নয়, সরাসরি গুনতে হতে পারে জরিমানা।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







