অবশেষে অপেক্ষার অবসান! রবিবার সন্ধ্যায় ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত ‘বিগ বস বাংলা’। টানা তিন মাস এক ছাদের তলায় থাকতে হবে প্রতিযোগীদের। থাকবে না কোনও ফোন, কোনও বই—থাকবে শুধু প্রতিযোগিতা, কৌশল আর প্রতিদিনের নতুন চ্যালেঞ্জ।
গ্র্যান্ড এন্ট্রির পর একে একে প্রতিযোগীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। আর সেখানেই নজর কাড়েন প্রয়াত অভিনেতা তাপস পালের কন্যা সোহিনী পাল। মঞ্চে বাবার প্রসঙ্গ উঠতেই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
বাবার স্মৃতিচারণা করতে গিয়ে সোহিনী বলেন, “বাবা বলতেন, অবস্থা বুঝে ব্যবস্থা।” এরপরই বাবার রাজনৈতিক জীবন নিয়ে তাঁর মন্তব্য, “বাবা অনেক ভালো কাজ করেছেন। কিছু ভুলও করেছেন। তার প্রায়শ্চিত্তও করেছেন।” তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।
এদিকে ‘বিগ বস বাংলা’র ঘরে এবার প্রতিযোগীদের জন্য অপেক্ষা করছে কঠিন লড়াই। বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে তিন মাস একসঙ্গে থাকতে হবে তাঁদের। প্রতিদিনের কাজ, সম্পর্কের টানাপোড়েন, মতবিরোধ এবং নানা পরিস্থিতির মধ্যেই নিজেদের টিকিয়ে রাখতে হবে। শেষ পর্যন্ত যিনি এই লড়াইয়ে সবচেয়ে বেশি সময় টিকে থাকবেন, তাঁর মাথাতেই উঠবে সেরার মুকুট।
সোহিনী ছাড়াও এবারের ‘বিগ বস বাংলা’র ঘরে রয়েছেন অভিনেতা ভরত কল, মনামী ঘোষ, সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা, ইনফ্লুয়েন্সার নিরঞ্জন মণ্ডল ওরফে লাফটারসেন, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, টেলি অভিনেতা নন্দিনী দত্ত, জলপাইগুড়ির ব্যবসায়ী তনুশ্রী রায় দাস, আলেকজান্দ্রা টেলর, অনিন্দ্য সেনগুপ্ত, সায়ক চক্রবর্তী এবং সৃজলা গুহ।
অর্থাৎ প্রথম দিন থেকেই তারকা সমাবেশে জমজমাট ‘বিগ বস বাংলা’। এবার দেখার, তিন মাসের এই কঠিন খেলায় কে কাকে টেক্কা দেন, আর শেষ পর্যন্ত কার মাথায় ওঠে বিজয়ের মুকুট!
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







