জমি কেলেঙ্কারি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ঘিরে বাড়ছে আইনি চাপ। তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে এবার তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা সুপ্রিম কোর্টে জানাল রাজ্য সরকার। ফলে সুমিত রায়কে গ্রেফতার করা হতে পারে কি না, তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
গত কয়েকদিন ধরে নিয়মিত ভবানী ভবনে তদন্তকারীদের সামনে হাজিরা দিচ্ছেন সুমিত রায়। তাঁর আইনজীবীর দাবি, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি তদন্তকারীদের সামনে উপস্থিত থাকছেন এবং তদন্তে সহযোগিতা করছেন। কিন্তু রাজ্যের তরফে সম্পূর্ণ ভিন্ন দাবি করা হয়েছে।
রাজ্যের হয়ে সওয়াল করে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, তদন্তে এখনও পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তাঁর দাবি, হাতে আসা তথ্য পুরো ঘটনার সামান্য অংশ মাত্র এবং আরও অনেক বিষয় তদন্তের আওতায় রয়েছে। সেই কারণেই সুমিত রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতে জানানো হয়।
অন্যদিকে, সুমিত রায়ের আইনজীবী আদালতে তাঁর সাংবিধানিক অধিকারের কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, কোনও ব্যক্তির নিজের বিরুদ্ধে যেতে পারে এমন প্রশ্নের উত্তর না দেওয়ার অধিকার রয়েছে। অর্থাৎ তদন্তকারীদের সামনে হাজিরা দেওয়া আর প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া—দুটি বিষয় এক নয়।
এই প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচীর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে আসে। তিনি বলেন, সংবিধান একজন ব্যক্তিকে নীরব থাকার অধিকার দিয়েছে, আবার তদন্তকারী সংস্থারও আইন অনুযায়ী গ্রেফতারের ক্ষমতা রয়েছে। তবে আদালত তদন্তে কোনও বাধা সৃষ্টি করতে চায় না বলেও স্পষ্ট করেন তিনি।
এখন মূল প্রশ্ন, তদন্তে অসহযোগিতার অভিযোগের ভিত্তিতে সুমিত রায়কে সত্যিই হেফাজতে নেওয়া হবে কি না। আপাতত আদালতের পরবর্তী নির্দেশের দিকেই নজর রাজনৈতিক ও আইনি মহলের।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







