কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল। তার মধ্যেই রবিবার রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয় ভারী বৃষ্টি। ফলে ফের কলকাতা সহ বিভিন্ন এলাকায় জলমগ্ন পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় একনাগাড়ে বৃষ্টি চলছে। সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের আরও সাত জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। হাওড়া ও হুগলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরিস্থিতির সঙ্গে বাড়ছে ডিভিসির জল ছাড়ার উদ্বেগও।
মরশুমে এই প্রথম ডিভিসি থেকে ৩২ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। নিম্নচাপের প্রভাবে ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও উত্তর-পশ্চিম দিকে সরে শক্তি বাড়াতে পারে। আর তার প্রভাবেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







