best news portal development company in india

আয়ুষ্মানের বাইরে থাকলেও চিন্তা নেই, বাংলায় চালু ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’— কারা পাবেন, কারা পাবেন না?

SHARE:

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর হয়েছে। তবে বিভিন্ন যোগ্যতা ও শর্তের কারণে এখনও অনেক মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। সেই সব পরিবারকে স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনতেই রাজ্য সরকার চালু করেছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। সোমবার সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করে প্রকল্পের নিয়মাবলি প্রকাশ করা হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবে। তবে এই সুবিধা সকলের জন্য নয়। সরকার স্পষ্ট করে জানিয়েছে, নির্দিষ্ট কিছু শ্রেণির মানুষ এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন।

যেসব পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার বেশি, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। একইভাবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম, ২০০৮-এর আওতাভুক্ত কর্মরত বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী এবং কেন্দ্রীয় স্বাস্থ্য স্কিমের আওতায় থাকা কর্মরত বা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরাও এই স্বাস্থ্যবিমা প্রকল্পের জন্য যোগ্য নন।

এছাড়া যাঁরা ইতিমধ্যেই গ্রুপ মেডিক্যাল ইনস্যুরেন্স-এর সুবিধা পাচ্ছেন বা সরকারি নিয়ম অনুযায়ী মেডিক্যাল অ্যালাওয়েন্স গ্রহণ করেন, তাঁরাও এই প্রকল্পের আওতায় আসবেন না। পরিবারের কোনও সদস্যের বয়স ৭০ বছর বা তার বেশি হলেও তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না, কারণ ওই বয়সের নাগরিকদের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পে আলাদা সুবিধার ব্যবস্থা রয়েছে।

সরকার আরও জানিয়েছে, এসআইআর (SIR)-এ যাঁদের নাম নেই বা যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। রাজ্য সরকারের দাবি, আয়ুষ্মান ভারতের বাইরে থাকা যোগ্য পরিবারগুলিকে স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনাই এই নতুন প্রকল্পের মূল উদ্দেশ্য। আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি এবং অনুমোদিত হাসপাতালের তালিকা সম্পর্কে বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *