সম্প্রতি একাধিক বিতর্কের জেরে শিরোনামে উঠে আসা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাড়িতে যাওয়া ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ছবি সামনে আসতেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এই সাক্ষাৎ কি শুধুই সৌজন্য, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ? যদিও টিনা ভৌমিক সাহা এবং জগন্নাথ সরকার—দু’জনেই এই সাক্ষাৎকে সম্পূর্ণ সৌজন্যমূলক বলেই দাবি করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তের সময় টিনা ভৌমিক সাহার বাড়িতেও তল্লাশি চালায় ইডি। তদন্ত চলাকালীন তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের দাবি সামনে আসে। সেই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে টিনাকে নিয়ে নানা আলোচনা শুরু হয়। সব্যসাচী দত্তের সঙ্গে তাঁর ব্যক্তিগত ঘনিষ্ঠতা নিয়েও নানা জল্পনা ছড়ায়, যদিও সে বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি।
জগন্নাথ সরকারের বাড়িতে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে টিনা ভৌমিক সাহা বলেন, এটি নিছকই একটি সৌজন্য সাক্ষাৎ। তাঁর কথায়, “একজন জনপ্রতিনিধির সঙ্গে দেখা করতে যে কেউ যেতে পারেন। আমরা একই জেলার জনপ্রতিনিধি হিসেবে কাজ করি। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” আসন্ন জেলা পরিষদ নির্বাচন বা দলবদলের জল্পনার সঙ্গেও এই সাক্ষাতের কোনও যোগ নেই বলেও স্পষ্ট দাবি করেন তিনি।
অন্যদিকে, বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। টিনার বাড়ি থেকে সোনা উদ্ধারের প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত চলবে আইনের নিজস্ব গতিতেই। যদি সমস্ত নথিপত্র সঠিক থাকে, তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। আর কোনও অনিয়ম প্রমাণিত হলে আইন তার কাজ করবে।
এদিকে, সাক্ষাতের পর সোশ্যাল মিডিয়ায় টিনা ভৌমিক সাহার করা একটি “দাদা, থ্যাঙ্ক ইউ” পোস্ট নিয়েও নতুন করে জল্পনা ছড়িয়েছে। যদিও সেই প্রসঙ্গে তাঁর বক্তব্য, কাকে ধন্যবাদ জানাবেন বা কাকে ‘দাদা’ বলবেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সাক্ষাৎ ভবিষ্যতের কোনও সমীকরণের ইঙ্গিত কি না, তা সময়ই বলবে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







