দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আলোচনার টেবিলে বসেছিল কেন্দ্রীয় সরকার এবং CJP-র প্রতিনিধিরা। প্রায় দু’ঘণ্টার বৈঠক হলেও আন্দোলনের মূল ইস্যুতে কোনও সমাধানসূত্র বের হল না। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এখনও অনড় রয়েছে CJP। ফলে আপাতত আন্দোলন প্রত্যাহারের কোনও সম্ভাবনা নেই বলেই স্পষ্ট করে দিয়েছে সংগঠনটি।
শুক্রবার দিল্লির ভিপি হাউসে CJP-র প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। প্রায় দু’ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে আলোচনা চলে। বৈঠকে নিট প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্র ইতিমধ্যেই কী কী পদক্ষেপ করেছে এবং ভবিষ্যতে কী ব্যবস্থা নেওয়া হবে, তা আন্দোলনকারীদের সামনে তুলে ধরা হয় বলে সূত্রের খবর।
অন্যদিকে, CJP-র প্রতিনিধিরাও তাঁদের দাবিগুলি সরকারের কাছে স্পষ্টভাবে তুলে ধরেন। সংগঠনের দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলন প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। বৈঠকের পর CJP-র মুখপাত্রদের অভিযোগ, এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি কেন্দ্র। বরং আরও একদিন সময় চেয়েছে সরকার।
সূত্রের খবর, আন্দোলনকারীদের একাধিক দাবি নীতিগতভাবে মেনে নিতে রাজি হয়েছে কেন্দ্র। নিট প্রশ্নফাঁসের জেরে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের পাশে দাঁড়ানো, আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নতুন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া, প্রশ্নফাঁসের জেরে প্রাণ হারানো পড়ুয়াদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও ইতিবাচক অবস্থান নিয়েছে কেন্দ্র বলে দাবি সূত্রের।
তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নেই জট কাটেনি। CJP-র স্পষ্ট বার্তা, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে আন্দোলন প্রত্যাহার করা হবে না। বরং আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচির পথে হাঁটার ইঙ্গিতও দিয়েছে সংগঠনটি।
ফলে কেন্দ্রের সঙ্গে প্রথম দফার বৈঠক হলেও অচলাবস্থা এখনও বহাল। আন্দোলনের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







