best news portal development company in india

১৮ দিনের মাথায় কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ ছাড়লেন সুশান্ত চট্টোপাধ্যায়

SHARE:

কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের দাদা তথা নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার মাত্র ১৮ দিনের মাথাতেই তাঁর এই সিদ্ধান্তকে ঘিরে পুরসভার ভবিষ্যৎ সমীকরণ নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।

মঙ্গলবার মহকুমাশাসক এবং পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে পদত্যাগপত্র জমা দেন সুশান্ত। তাঁর অভিযোগ, তাঁকে সমর্থন করা কাউন্সিলরদের মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে একে একে সরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রশাসনের অসহযোগিতার অভিযোগও তুলেছেন তিনি।

সুশান্ত চট্টোপাধ্যায় বলেন, “আমাকে সমর্থন করা কাউন্সিলরদের কেসের ভয় দেখানো হচ্ছে। গ্রেপ্তারের আশঙ্কায় প্রায় ১৫ জন পদত্যাগ করেছেন। সব দিক থেকে অসহযোগিতা করা হচ্ছে। তাই পদত্যাগ করেছি।” তবে অল্প সময়ের মধ্যেই অস্থায়ী কর্মীদের দৈনিক পারিশ্রমিক ৫০ টাকা এবং মাসিক ভাতা ২ হাজার টাকা বৃদ্ধি, পাশাপাশি মেট্রো কলোনির বাসিন্দাদের জমির মিউটেশনের মতো একাধিক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

কামারহাটি পুরসভার মোট কাউন্সিলর ৩৫ জন। তাঁদের মধ্যে তিনজন নির্দল এবং বাকিরা তৃণমূলের। যদিও তৃণমূলের দুই কাউন্সিলরের আগেই মৃত্যু হয়েছে। রাজ্যে পালাবদলের পর গত ১২ জুন চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন গোপাল সাহা। এরপর ৩ জুলাই সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হন সুশান্ত চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, সুশান্ত চেয়ারম্যান হওয়ার পর থেকেই তাঁর নির্বাচনে তীব্র আপত্তি জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এদিকে তাঁর পদত্যাগের পর কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা অরূপ চৌধুরী। তিনি বলেন, “চোরেদের সার্কাস নিয়ে আমাদের কোনও উৎসাহ নেই।”

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *