পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের মুর্গাসোল এলাকায় শুক্রবার সকালে একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। একটি বেপরোয়া ও অনিয়ন্ত্রিত মিনি বাস দ্রুত গতিতে আসার সময় প্রথমে রাস্তায় থাকা জয়দেব মণ্ডল (৬৫) নামের এক প্রবীণ ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়। তবে এখানেই শেষ নয়, বৃদ্ধকে পিষে দেওয়ার পর ঘাতক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা একটি ওমনি স্কুল ভ্যানে সরাসরি ধাক্কা মারে।
ধাক্কার চোটে স্কুল ভ্যানটি রাস্তার ওপর উল্টে যায়। এই মারাত্মক দুর্ঘটনায় ভ্যানে থাকা ৭ জন স্কুলছাত্রী গুরুতরভাবে জখম হয়। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় এবং স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় রক্তাক্ত ছাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর চালক গাড়ি ফেলে চম্পট দিলেও ঘাতক মিনি বাসটিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। আসানসোলের এই জনবহুল এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও বেপরোয়া যান চলাচল নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় মানুষ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







