best news portal development company in india

তৃণমূলের জমানায় আদালতের অনুমতি সত্ত্বেও বন্ধ ছিল পুজো, এবার পালাবদলের বাংলায় ‘সনাতনী থেকে বিজ্ঞান’ থিমে রাজকীয় প্রত্যাবর্তন নিউটাউনের সনাতনী দুর্গাপুজোর

SHARE:

নিউটাউন/কলকাতা, ১৬ জুলাই ২০২৬: বিগত কয়েক বছর ধরে যে পুজোকে কেন্দ্র করে তৎকালীন শাসক শিবিরের ‘পেশিশক্তি’ বনাম সনাতনীদের তীব্র আইনি ও রাজনৈতিক লড়াই দেখেছিল রাজ্যবাসী, বাংলায় ক্ষমতার পরিবর্তনের পর এবার সেই পুজোই রাজকীয় প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু করল। শুভেন্দু অধিকারীর হাত ধরে শুরু হওয়া নিউটাউনের ‘সনাতনী দুর্গাপুজো কমিটি’ এবার বদলের বাংলায় দিতে চলেছে এক বিরাট চমক। বিগত দুই বছর জোরপূর্বক বন্ধ রাখার পর, এবার পূর্ণ জৌলুসে উমা আরাধনার মেগা ব্লু-প্রিন্ট তৈরি করে ফেলেছেন পুজো উদ্যোক্তারা।

২০২২ সালে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে নিউটাউনে প্রথমবার এই পুজোর সূচনা করা হয়েছিল। তবে পুজো কমিটির নামে ‘সনাতনী’ শব্দটি থাকার কারণে শুরু থেকেই তৎকালীন শাসক দল তৃণমূলের তীব্র রোষের মুখে পড়তে হয় উদ্যোক্তাদের। সে বছর পুজোর অনুমতি না পাওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল কমিটিকে। সেপ্টেম্বর মাসে আদালতের হস্তক্ষেপে কোনওরকমে স্বল্প আয়োজনে পুজো সম্পন্ন হয় এবং শুভেন্দু অধিকারী নিজেই তার উদ্বোধন করে তৃণমূলের পুজো-বিরোধী মানসিকতার বিরুদ্ধে সরব হয়েছিলেন।

উদ্যোক্তা বরুণ বিশ্বাস জানিয়েছেন, ২০২৩ সালেও প্রশাসনের তীব্র অসহযোগিতা ও লড়াইয়ের মধ্যে দিয়ে পুজো করতে হয়েছিল তাঁদের। এমনকি রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৎকালীন রাজ্য সরকারের দেওয়া লাখ টাকার সরকারি পুজো অনুদান থেকেও বঞ্চিত করা হয়েছিল এই কমিটিকে। যদিও তাঁরা কোনওদিন অনুদানের মুখাপেক্ষী ছিলেন না। পরিস্থিতি আরও চরম রূপ নেয় ২০২৪ এবং ২০২৫ সালে। অভিযোগ, আদালতের স্পষ্ট নির্দেশ ও অনুমতি থাকা সত্ত্বেও তৃণমূলের স্থানীয় পেশিশক্তি ও জুলুমবাজির কাছে নতিস্বীকার করতে বাধ্য হন উদ্যোক্তারা, যার ফলে পরপর দু’বছর সম্পূর্ণ বন্ধ থাকে নিউটাউনের এই সনাতনী দুর্গাপুজো।

তবে রাজ্যে পদ্ম শিবিরের সরকার আসতেই এবার আশার আলো দেখছেন উদ্যোক্তারা। হারিয়ে যাওয়া গরিমা পুনরুদ্ধার করতে আগামী ২৪ জুলাই মহা সমারোহে অনুষ্ঠিত হতে চলেছে এই পুজোর খুঁটিপুজো। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজ এবং রামকৃষ্ণ মিশনের নির্গুণানন্দ মহারাজ। উদ্যোক্তাদের দাবি, এবারের পুজোয় বাঙালির সনাতন সংস্কৃতির সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে থিম রাখা হয়েছে ‘সনাতনী থেকে বিজ্ঞান’। বিগত দু’বছরের বঞ্চনার জবাব দিয়ে এবার নিউটাউনের বুকে এই পুজো দর্শনার্থীদের প্রধান আকর্ষণ হতে চলেছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *