বৃহস্পতিবার বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এক অন্যরকম দৃশ্য দেখা গেল। দেশের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং তাঁর স্ত্রী কোয়েলকে সঙ্গে নিয়ে স্কুটি চালিয়ে ভোট দিতে হাজির হন। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রীতম সিং প্রাথমিক বিদ্যালয়ের ২৬ নম্বর বুথে গিয়ে তিনি সস্ত্রীক নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।
সাধারণত অরিজিৎ সিং প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন। এদিনও ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি তিনি; শুধুমাত্র আঙুলে ভোটের কালির দাগ দেখিয়েই নিজের কর্তব্য শেষ করেন। গায়ককে এক ঝলক দেখার জন্য ভোটকেন্দ্রের বাইরে তাঁর অনুগামীদের ভিড় জমেছিল। মুর্শিদাবাদ জেলায় এদিন ২২টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলার কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেলেও, অরিজিৎ সিংয়ের ভোটদান প্রক্রিয়া ছিল অত্যন্ত শান্ত ও সাধারণ। কোনো ভিআইপি তকমা বা আড়ম্বর ছাড়াই সাধারণ মানুষের মতো স্কুটিতে চেপে এসে ভোটদানের এই ছবি নেটমাধ্যমে বেশ চর্চিত হচ্ছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






