কলকাতা, ৮ জুলাই ২০২৬: বারুইপুরে ১১ বছরের নাবালিকাকে গণধর্ষণ ও নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে এবং রাজ্যে নারী সুরক্ষার দাবিতে আজ, বুধবার ফের কলকাতার রাজপথে নামছেন তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবারই নির্বাচন কমিশনে দলের প্রতীক ও ফান্ড নিয়ে টানাপোড়েনের মাঝেই বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কালীঘাটে একটি মোমবাতি মিছিল করেছিলেন তিনি। আর তার ঠিক ৪৮ ঘণ্টার মাথায় আজ বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত এক মেগা প্রতিবাদী মিছিলে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দলের অধিকাংশ হেভিওয়েট বিধায়ক ও সাংসদ ঋতব্রত শিবিরে যোগ দিলেও, মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছলের মাধ্যমে প্রমাণ করতে চাইছেন যে তাঁর পাশে প্রথম সারির নেতারা না থাকলেও, দলের মাঠপর্যায়ের সাধারণ কর্মীরা এখনও তাঁর সঙ্গেই আছেন।
১০০০ মানুষের সীমা, একটি লেন খোলা রাখার কড়া নির্দেশ হাইকোর্টের
কলকাতার ব্যস্ততম রুটে এই মিছিলের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল শিবির। মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের তরফে মিছিলের জন্য একগুচ্ছ কড়া শর্ত আরোপ করা হয়েছে:
-
জনসংখ্যার ওপর রাশ: হাইকোর্টের স্পষ্ট নির্দেশে জানানো হয়েছে, এই প্রতিবাদী মিছিলে কোনওভাবেই ১ হাজার জনের বেশি মানুষ অংশ নিতে পারবেন না।
-
যান চলাচল স্বাভাবিক রাখা: সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে মিছিল চলাকালীন রাস্তার অন্তত একটি লেন সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য খোলা রাখতে হবে।
-
নির্দিষ্ট সময়সীমা: আদালত আজ বুধবার দুপুর ২.৩০ মিনিট থেকে বিকেল ৪টে ৩০ মিনিট পর্যন্ত এই মিছিলের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে।
যদিও আইনি জটিলতার কারণে এই মিছিল ঠিক কোন ঘটনার প্রেক্ষিতে করা হচ্ছে তা কালীঘাট শিবিরের তরফে আনুষ্ঠানিকভাবে খোলসা করা হয়নি, তবে বারুইপুরের নারকীয় ঘটনার প্রতিবাদেই যে এই পথে নামা— তা একপ্রকার নিশ্চিত রাজনৈতিক মহল।
“সারাজীবন নাটক আর লোকদেখানো আচরণ করেছেন”, তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল এবং সোমবারের মোমবাতি র্যালিকে তীব্র ভাষায় আক্রমণ ও কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বর্তমান বিজেপি সরকারের হেভিওয়েট মন্ত্রী দিলীপ ঘোষ। মমতাকে ‘জনবিচ্ছিন্ন’ আখ্যা দিয়ে দিলীপ ঘোষ তোপ দাগেন:
“ওনার সঙ্গে এখন আর কেউ নেই, দলের লোকেরাও ওনাকে আর নেত্রী বলে মনে করে না। একা একা মিছিলে হেঁটে উনি কী প্রমাণ করবেন? নিজের পুরো জীবনটা উনি এই ধরনের রাজনৈতিক নাটক আর লোকদেখানো আচরণ করেই কাটিয়ে দিলেন, কাজের কাজ কিছুই করেননি। মানুষ ওঁকে ছুড়ে ফেলে বিরোধী আসনে বসার সুযোগ দিয়েছে, উনি এতটাই জনপ্রিয় নেত্রী যে নিজে নির্বাচনে জিততেও পারেননি।”
বিগত তৃণমূল জমানার আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনা টেনে দিলীপ ঘোষ আরও বলেন, “আপনি এখন বিরোধী দলে আছেন, প্রতিবাদ কীভাবে করতে হয় তা আপনি ভালোই জানেন, কারণ সারাজীবন তো মারপিট আর আন্দোলনই করেছেন, উন্নয়নের কিছুই বোঝেন না। ওঁর নিজের আমলে কামদুনি থেকে আরজি কর— রাজ্যে হাজার হাজার ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে। তখন কি ওঁকে কখনও এভাবে সুবিচারের দাবিতে রাস্তায় নামতে দেখেছেন? কোনও নির্যাতিতার বাড়িতে গিয়ে নিজে সমবেদনা জানিয়েছেন? না, দেখেননি। এখন ক্ষমতা হারিয়ে রাস্তায় নেমে নাটক করছেন।”
সোমবার কালীঘাটের বাড়ি ঘিরে ১০০০ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নজরবন্দি এড়ানোর পর, আজ হাইকোর্টের বেঁধে দেওয়া ১০০০ মানুষের শর্ত মেনে প্রাক্তন মুখ্যমন্ত্রী কলকাতার রাজপথে কতটা রাজনৈতিক শক্তি প্রদর্শন করতে পারেন, এখন সেটাই দেখার।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







