best news portal development company in india

তৃণমূলের হেভিওয়েটরা কেউ জেলে, কেউ পলাতক; ‘দুর্গাপুজোর ভবিষ্যৎ কী?’ জোর চর্চায় শ্রীভূমি থেকে সুরুচি সংঘ

SHARE:

কলকাতা, ৫ জুলাই ২০২৬: রথযাত্রা পেরিয়ে উল্টোরথের কাউন্টডাউন শুরু হতেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর বাকি মাত্র চার মাস। সাধারণত এই সময়েই কলকাতার বিগ বাজেটের নামী পুজো কমিটিগুলির খুঁটিপুজো শেষ হয়ে মণ্ডপ তৈরির কাজ পুরোদমে শুরু হয়ে যায়। কিন্তু রাজ্যে সাম্প্রতিক মেগা রাজনৈতিক পটপরিবর্তনের পর এবারের ছবিটা সম্পূর্ণ উল্টো। কলকাতার পুজো মানেই যেখানে জড়িয়ে থাকত তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী, বিধায়ক ও কাউন্সিলরদের নাম— এবার তাঁদের সিংহভাগই হয় শ্রীঘরে, নয়তো পুলিশি ‘ডিম থেরাপি’র আশঙ্কায় গা-ঢাকা দিয়ে পলাতক। এই নজিরবিহীন পরিস্থিতিতে কলকাতার একাধিক নামী পুজোর জাঁকজমক ও ভবিষ্যৎ নিয়ে নাগরিক মহলে উঠতে শুরু করেছে বড়সড় প্রশ্ন।

কর্ণধার সুজিত বোস শ্রীঘরে, জৌলুস হারাচ্ছে শ্রীভূমি?

কলকাতার দুর্গাপুজোর অন্যতম প্রধান আকর্ষণ লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বোসের এই পুজো দেখতে প্রতি বছর বুর্জ খলিফা থেকে ভ্যাটিকান সিটির মণ্ডপ দর্শনে আট থেকে আশির ঢল নামে। কিন্তু সুজিত বোস বর্তমানে দুর্নীতির অভিযোগে জেলবন্দি। লেকটাউনের বাসিন্দাদের একাংশের বিস্ফোরক দাবি, এতদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের স্পনসরশিপ ও কর্পোরেট বিজ্ঞাপনের আয়ের প্রায় ৫০ শতাংশ অর্থ সরাসরি যেত সুজিত বোসের পকেটে। এবার সেই প্রধান ‘অর্থ-উৎস’ বন্ধ হয়ে যাওয়ায় এবং কর্ণধার জেলে থাকায়, শ্রীভূমির সেই চেনা চাকচিক্য ও আকাশছোঁয়া বাজেট এবার দেখা যাবে কি না, তা নিয়ে পুজোপ্রেমীদের মনে গভীর সংশয় তৈরি হয়েছে।

প্রতীক আর পদ বাঁচাতে ব্যস্ত অরূপ-চন্দ্রিমা, থমকে সুরুচি ও ত্রিধারা

দক্ষিণ কলকাতার পুজোগুলির সমীকরণও এবার সম্পূর্ণ ঘেঁটে গিয়েছে:

  • সুরুচি সংঘ: রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো বলে পরিচিত নিউ আলিপুরের ‘সুরুচি সংঘ’ চত্বরে এবার এখনও পর্যন্ত পুজোর কোনও তোড়জোড় বা খড়ের কাঠামো ঢোকার গন্ধ নেই। ক্ষমতার পরিবর্তনের পর অরূপ বিশ্বাস এখন ব্যস্ত নির্বাচন কমিশনের নোটিসের জবাব তৈরি করতে এবং নিজেকে ‘আসল তৃণমূল’ প্রমাণ করার রাজনৈতিক লড়াইয়ে।

  • ত্রিধারা সম্মিলনী ও হিন্দুস্তান ক্লাব: গড়িয়াহাট অঞ্চলের দুই মেগা পুজো— ত্রিধারা ও হিন্দুস্তান ক্লাবের নেপথ্যে ছিলেন দুই প্রাক্তন বিধায়ক যথাক্রমে দেবাশিস কুমার ও চন্দ্রিমা ভট্টাচার্য। পুজো গোছানোর বদলে তাঁরা দুজনেই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে নাম লিখিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিক্ষুব্ধ শিবিরে। দলের রাশ কার হাতে থাকবে, তা নিয়ে আইনি কামড়াকামড়িতে ব্যস্ত থাকায় নিজেদের ক্লাবের পুজোর দিকে তাকানোর সময় নেই এই নেতাদের।

‘সিট’ ও পুলিশের জালে বাপ্পাদিত্য-সুশান্ত, খাঁ খাঁ করছে পাটুলি-রাজডাঙা

দক্ষিণ শহরতলির দুটি বড় পুজো কমিটি এই মুহূর্তে অভিভাবকহীন:

  • কেন্দুয়া শান্তি সংঘ: পাটুলি এলাকার এই নামী পুজোর প্রধান উদ্যোক্তা তথা বিদায়ী তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বর্তমান ঠিকানা এখন পুলিশ হেফাজত। ক্লাবের তরফে মুখে দাবি করা হচ্ছে যে প্রতিবারের মতোই পুজো হবে, কিন্তু অন্দরের খবর— মূল ফান্ডের জোগানদার না থাকায় চরম আর্থিক সংকটে পড়েছে কমিটি।

  • রাজডাঙা নব উদয় সংঘ: এই পুজোর মূল পৃষ্ঠপোষক তথা কসবার দাপুটে তৃণমূল নেতা সুশান্ত ঘোষও এখন পুলিশের জালে বন্দি। ফলে রাজডাঙার মণ্ডপ চত্বরও এখন কার্যত খাঁ খাঁ করছে।

বন্ধ হচ্ছে ১ লক্ষ ১০ হাজারের সরকারি খয়রাতি?

বিগত তৃণমূল জমানায় কলকাতার পুজো কমিটিগুলির জন্য বরাবরই ‘সিদ্ধহস্ত’ ও উদার ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৫ সালেও তিনি রাজ্য কোষাগার থেকে ক্লাব পিছু পুজোর অনুদান বাড়িয়ে করেছিলেন ১ লক্ষ ১০ হাজার টাকা, যার বড় অংশই বিরোধী দলগুলির দাবি অনুযায়ী, তৃণমূলের স্থানীয় নেতা-মন্ত্রীদের পকেটে যেত।

তবে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার আসার পর এবং তীব্র আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে নতুন বিজেপি সরকার ক্লাবগুলিকে এই বিপুল টাকা ‘খয়রাতি’ করা জারি রাখবে কি না, তা নিয়ে বড়সড় সংশয় রয়েছে। নবান্ন সূত্রের খবর, রাজনৈতিক প্রভাবমুক্ত করে কলকাতার পুজোকে সম্পূর্ণ সার্বজনীন ও সাধারণ মানুষের উৎসবে ফিরিয়ে আনাই নতুন প্রশাসনের লক্ষ্য। নেতা-মন্ত্রীদের এই অনুপস্থিতি ও কাটমানি বন্ধ হওয়ার জেরে এবারের পুজো থিম বা জৌলুসের দিক থেকে কিছুটা ফিকে হলেও, তা অনেক বেশি ‘শান্তিপূর্ণ ও বিতর্কহীন’ হবে বলেই আশা করছেন কলকাতার আমজনতা।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *