গঙ্গারামপুর, ৩ জুলাই ২০২৬: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক বা পিএ (PA) সুমিত রায়ের খোঁজে এবার উত্তরবঙ্গে চলল হাইভোল্টেজ নাটক। অভিষেক-ঘনিষ্ঠ সুমিত রায় দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কলকাতাগামী বাসে চেপে পালাচ্ছেন— বৃহস্পতিবার রাতে হঠাৎ এমন খবর রটে যেতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর পুরসভার চৌপতি এলাকায়। খবর পাওয়া মাত্রই স্থানীয় বিজেপি নেতৃত্ব ও উত্তেজিত কর্মীরা গঙ্গারামপুরে কলকাতাগামী ওই দূরপাল্লার বাসটিকে মাঝরাস্তায় আটকে দেয়। তবে বাসে তল্লাশি চালাতেই সামনে আসে সম্পূর্ণ এক ভিন্ন ছবি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘পলাতক’ পিএ ভেবে বিজেপি কর্মীরা বাসের ভেতর যাকে চিহ্নিত করেছিলেন, তিনি আসলে সুমিত রায় নন, বরং অভিষেকের প্রাক্তন এক নিরাপত্তারক্ষী। হঠাৎ করে মাঝরাস্তায় বাস থামিয়ে পুলিশ ও সাধারণ মানুষ বাসের ভেতর উঠে পড়ায় গভীর রাতে চরম আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য সাধারণ যাত্রীরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং খোদ গঙ্গারামপুর থানার আইসি (IC)।
পুলিশ বাসে থাকা ওই সন্দেহভাজন ব্যক্তির পরিচয়পত্র ও সমস্ত নথি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পর পরিস্থিতি খোলসা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, আটক হওয়া ওই ব্যক্তির নাম শরিফুল আলম, তিনি কোনওভাবেই অভিষেকের পিএ সুমিত নন। শরিফুল আলম একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে কর্মরত রাজ্য পুলিশের কর্মী ছিলেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বর্তমানে তিনি দক্ষিণ দিনাজপুর জেলার আইবি (IB) অফিসে কর্মরত রয়েছেন। সরকারি কাজের সূত্রেই তিনি বাসে যাতায়াত করছিলেন। সমস্ত পরিচয় নিশ্চিত করার পর পুলিশ বাসটিকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনার বিষয়ে গঙ্গারামপুর টাউন বিজেপি সভাপতি বৃন্দাবন ঘোষ জানান, গঙ্গারামপুরে সাধারণ মানুষ এবং দলীয় কর্মীরা সন্দেহের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহকারী সুমিত রায় মনে করে একটি গাড়ি আটকেছিলেন। বিষয়টি জানার পর তাঁরা আইন নিজেদের হাতে না নিয়ে পুলিশ প্রশাসনকে খবর দেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা যায় যে, ওই ব্যক্তি পলাতক সুমিত রায় নন, বরং একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মী। ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার পর বাসের বাকি যাত্রীদের যাত্রাপথ স্বাভাবিক করে দেওয়া হয়।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







