উত্তর দিনাজপুরের চোপড়ায় তৃণমূল প্রার্থীর উপস্থিতিতে টাকা বিলির একটি ভিডিও ভাইরাল হওয়ায় রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক তৃণমূল নেতা হাতে ৫০০ টাকার নোটের বান্ডিল নিয়ে বাইক মিছিলে আসা সমর্থকদের হাতে টাকা তুলে দিচ্ছেন। অভিযোগ, চোপড়ার তৃণমূল প্রার্থী হামিদুল রহমানের একটি প্রচার কর্মসূচির আগেই এই ঘটনা ঘটে।
বিজেপির দাবি, টাকা বিলি করা ওই ব্যক্তির নাম মান্নান আলি, যিনি নিজে এই ভিডিও ফেসবুকে পোস্ট করার পর বিতর্কের মুখে তা সরিয়ে ফেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা সোমনাথ সিংহ কটাক্ষ করে বলেন, “তৃণমূলের সংগঠন শেষ হয়ে গিয়েছে, তাই এখন টাকার বিনিময়ে লোক ভাড়া করে মিটিংয়ে আনতে হচ্ছে।” ভোটের মুখে ভোটারদের প্রভাবিত করার এই প্রচেষ্টাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে গেরুয়া শিবির। তৃণমূলের তরফে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







