শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর যখন মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই এক বিস্ফোরক দাবি করে আন্তর্জাতিক রাজনীতিতে শোরগোল ফেলে দিল ইজরায়েল। রাষ্ট্রসংঘের অধিবেশনে ইজরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সরাসরি অভিযোগ করেছেন যে, পাকিস্তান ও চিনের মতো দেশগুলি বিপুল অর্থের বিনিময়ে ইরানের সঙ্গে গোপন চুক্তি করেছে। ইজরায়েলের লক্ষ্য কেবল পাকিস্তান নয়, তাদের নিশানায় ছিল ফ্রান্সও।
রাষ্ট্রসংঘের অধিবেশনে ড্যানি ড্যানন ফ্রান্স, চিন ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দেন, “হরমুজ প্রণালী দিয়ে নিজেদের জাহাজগুলি নিরাপদে পার করার জন্য আপনারা ইরানকে ঠিক কত টাকা দিয়েছেন?” তিনি ফরাসি রাষ্ট্রদূতের কাছে ব্যঙ্গাত্মকভাবে সেই ‘চেক’টি দেখতে চান। ড্যানন পরে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে জানান, এই গুরুতর প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিন দেশের কোনো প্রতিনিধিই। ইজরায়েলের দাবি, যখন আমেরিকা ও ইজরায়েল ইরানের ওপর চাপ সৃষ্টি করছে, তখন এই গোপন লেনদেন ইরানের হাতকে আরও শক্ত করছে। এই অভিযোগের পর আন্তর্জাতিক মহলে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







