রাজ্যে দুর্নীতির অভিযোগে আরও এক তৃণমূল নেতা গ্রেপ্তার হলেন। এবার পুলিশের জালে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের অত্যন্ত ঘনিষ্ঠ ও ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান ফিরোজ খান। এলাকায় অশান্তিতে উসকানি দেওয়া এবং পুরসভা থেকে অতি গুরুত্বপূর্ণ সরকারি নথি লোপাটের মতো একাধিক গুরুতর অভিযোগে ভদ্রেশ্বর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে খবর, পুরসভার এক্সিকিউটিভ অফিসার ফিরোজ খানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার তাঁকে থানায় ডেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। শনিবারই তাঁকে চন্দননগর আদালতে পেশ করা হবে।
২০২২ সালের পুরভোটে তেলিনিপাড়া থেকে জয়ী ফিরোজ খান, মন্ত্রী ইন্দ্রনীল সেনের আস্থাভাজন হওয়ার সুবাদেই ভাইস চেয়ারম্যানের পদ পেয়েছিলেন বলে অভিযোগ। চন্দননগরের ডিসিপি জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে অন্যান্য অভিযোগগুলিও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







