নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশিকা অনুযায়ী, ৮৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক এবং শারীরিকভাবে অক্ষম ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরুলিয়া ও বাঁকুড়া জেলা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটকর্মীরা ব্যালট বাক্স ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সরাসরি ভোটারদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন। বাড়ির ভেতরেই নির্দিষ্ট নিয়ম মেনে অস্থায়ী ‘ভোটিং কম্পার্টমেন্ট’ তৈরি করে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই ভোটগ্রহণ সম্পন্ন করা হচ্ছে।
পুরুলিয়া জেলায় নয়টি বিধানসভা মিলিয়ে মোট ৫,৫৮৮ জন ভোটার এই পরিষেবার জন্য আবেদন করেছিলেন, যার মধ্যে ৪,০১৯ জনই প্রবীণ নাগরিক। অন্যদিকে, বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে খবর, সেখানে প্রায় ১২ হাজার এমন ভোটার নথিভুক্ত হয়েছেন যাঁদের বাড়ি গিয়ে ভোট নেওয়া হবে। জেলা প্রশাসন আগামী ১৬ এপ্রিলের মধ্যে এই হোম ভোটিং প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে। বুথে গিয়ে ভোটদানে অক্ষম ব্যক্তিদের জন্য কমিশনের এই তৎপরতা জনমানসে ইতিবাচক সাড়া ফেলেছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







