ইসলামাবাদে শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি এক ভয়াবহ মোড় নিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানকে বিশ্ব বাণিজ্য থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে তাদের সমস্ত বন্দর অবরুদ্ধ করার ঘোষণা করেছে আমেরিকা। ১৩ এপ্রিল, সোমবার থেকেই কার্যকর হতে চলেছে এই কঠোর পদক্ষেপ।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, আরব ও ওমান উপসাগরের উপকূলবর্তী ইরানের কোনো বন্দরে জাহাজ ঢুকতে বা বের হতে দেওয়া হবে না। তবে হরমুজ প্রণালী দিয়ে ইরান ব্যতীত অন্য দেশের জাহাজ চলাচলে কোনো বাধা থাকবে না বলে আশ্বস্ত করেছে মার্কিন নৌবাহিনী। ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ পোস্টে স্পষ্ট করে দিয়েছেন, যেসব জাহাজ ইরানকে “অবৈধ টোল” দিচ্ছে, সেগুলোর ওপর কঠোর নজরদারি চালানো হবে।
এই অবরোধের ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে। একদিকে শান্তি আলোচনার ব্যর্থতা এবং অন্যদিকে আমেরিকার এই “দাদাগিরি” বা কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ব বাণিজ্য মহল এখন উদ্বেগের সাথে পরিস্থিতির ওপর নজর রাখছে, কারণ এই জলপথ যুদ্ধক্ষেত্রে পরিণত হলে বৈশ্বিক অর্থনীতিতে বড়সড় ধস নামার আশঙ্কা প্রবল।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







