নির্বাচনী মরসুমের উত্তাপের মাঝেই রাজনৈতিক অবস্থান পরিবর্তন করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পৌত্র চন্দ্র বসু। রবিবার তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ও মন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে তিনি আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগদান করেন। ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্রে লড়াই করা চন্দ্র বসুর এই ভোলবদল রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিজেপি ছাড়ার পর চন্দ্র বসু তাঁর পুরোনো দলকে তীব্র আক্রমণ করে জানান, বিজেপিতে যোগ দেওয়া ছিল তাঁর জীবনের একটি “ঐতিহাসিক ভুল”। তাঁর মতে, ভারতের সংবিধান ও সর্বধর্ম সমন্বয়ের যে আদর্শ শরৎচন্দ্র বসু ও নেতাজি ধারণ করতেন, তা বিজেপির মতাদর্শের সঙ্গে মেলে না। তিনি দাবি করেন, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে বিজেপির কোনো যোগসূত্র নেই।
২০২৩ সালে বিজেপি ছাড়ার ঘোষণা করার পর থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছিল। অবশেষে তৃণমূলে যোগ দিয়ে তিনি স্পষ্ট করলেন যে, নেতাজির আদর্শ নিয়ে কাজ করার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে নির্বাচনের ঠিক আগে এই দলবদলকে নিছক আদর্শগত লড়াই না কি কৌশলগত পদক্ষেপ, তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







