নির্বাচন যত এগিয়ে আসছে, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। ৯৬ নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে রবিবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অগ্নিমিত্রা পাল ওই এলাকায় বাড়ি বাড়ি প্রচারে গেলে বিষয়টি নজরে আসে, যা নিয়ে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
বিজেপির অভিযোগ, তাদের প্রচারে বাধা দিতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই কাজ করেছে। পাল্টা এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, রাজনৈতিক সহানুভূতি পেতেই বিজেপি এই ধরনের নাটক করছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো কড়া পদক্ষেপ না নেওয়া হলেও, আমবাগান এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ভোটের মুখে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে এই সংঘাত আসানসোলের রাজনৈতিক লড়াইকে আরও তিক্ত করে তুলেছে।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







