মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর লক্ষ্যে ইসলামাবাদে আয়োজিত ইরান ও আমেরিকার উচ্চপর্যায়ের বৈঠক কোনো সমাধান ছাড়াই ব্যর্থ হয়েছে। দীর্ঘ ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনার পরও দুই দেশ কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে পারেনি। এই কূটনৈতিক ব্যর্থতার পরপরই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক কড়া বিবৃতিতে দাবি করেন, ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানে ইরানের পারমাণবিক এবং ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গিয়েছে।
নেতানিয়াহু বলেন, যারা ইজরায়েলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারা এখন নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে। তাঁর মতে, ইরান বর্তমানে নেতৃত্বের সংকটে ভুগছে এবং সামরিকভাবে পঙ্গু হয়ে পড়েছে। অন্যদিকে, লেবানন প্রসঙ্গে তিনি জানান, শান্তি সম্ভব যদি হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্রীকরণে রাজি হয়। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে বাণিজ্যিক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শান্তি বৈঠক ব্যর্থ হওয়ায় এবং নেতানিয়াহুর অনড় অবস্থানে স্পষ্ট যে, মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী যুদ্ধ পরিস্থিতি অদূর ভবিষ্যতে থামার সম্ভাবনা ক্ষীণ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







