বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর কনভয়ে ট্রাকের ধাক্কা মারার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে কান্দিতে নির্বাচনী প্রচার সেরে বহরমপুর ফেরার পথে জীবন্তী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। অধীর চৌধুরীর ঠিক পেছনের গাড়িতে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা মারে। যদিও এই ঘটনায় কংগ্রেস সাংসদ অক্ষত আছেন, তবে দলের পক্ষ থেকে একে নিছক দুর্ঘটনা মানতে নারাজ নেতৃত্ব। তাঁদের অভিযোগ, বিগত কয়েকদিন ধরে এলাকায় অধীর চৌধুরীকে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হচ্ছিল, তার পরেই এই হামলা অত্যন্ত সন্দেহজনক।
ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে কংগ্রেস। অভিযোগ উঠেছে, দুর্ঘটনাস্থল থেকে থানা খুব কাছে হওয়া সত্ত্বেও প্রায় আধ ঘণ্টা পুলিশ পৌঁছায়নি। কংগ্রেসের দাবি, অধীরের নিরাপত্তা বলয় যথেষ্ট শক্তিশালী ছিল না বলেই এই বিপত্তি। এদিকে নির্বাচন কমিশন ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। ঘাতক ট্রাকটিকে আটক করে চালককে জিজ্ঞাসাবাদ করছে কান্দি থানার পুলিশ। এই ঘটনা বহরমপুরের নির্বাচনী লড়াইয়ে নিরাপত্তার ইস্যুটিকে নতুন করে উসকে দিল।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







