সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত বিডিও অফিস সংলগ্ন ডায়মন্ড পার্কে এক বন্ধ আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায়, আবাসনের মালিক অমিত কুমার তাঁর দাদুর প্রয়াণে সপরিবারে গত ১৪ই নভেম্বর জামশেদপুর যান। যাওয়ার আগে তিনি বাড়ির চাবি দিয়ে যান তাঁর এক বন্ধুকে। অমিতবাবু জানান, তাঁর বন্ধুরা একদিন সেই আবাসনে পার্টিও করেন এবং ভুলবশত বাড়ির সিসিটিভি ক্যামেরার সুইচ বন্ধ করে চলে যান।
মোবাইলে সিসিটিভি বন্ধ দেখে অমিতবাবু বন্ধুকে ফোনে জানালে তিনি ক্যামেরাগুলি ফের চালু করেন। তখন পর্যন্ত বাড়িতে কোনো চুরির ঘটনা ঘটেনি। কিন্তু পরের দিন অমিতবাবু দেখেন সিসিটিভি চালু থাকলেও কোনো দৃশ্য ফুটেজ দেখা যাচ্ছে না। তিনি পুনরায় তাঁর বন্ধু ও প্রতিবেশীদের ফোন করলে তারা এসে দেখতে পান—সব সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢাকা। সন্দেহ হওয়ায় তারা বাড়ির দরজা খুলে দেখেন, ভিতরে চুরি হয়েছে।
বাড়ির বাইরে থেকে দরজা বা জানালার কোনো অংশই ভাঙা হয়নি। এতে অমিতবাবুর সন্দেহ, তাঁর পরিচিত কেউ এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। তাঁর দাবি, সোনা ও রূপা মিলিয়ে মোট ১৬ লক্ষ টাকার গয়না এবং বাড়িতে রাখা নগদ ২ লক্ষ টাকা সহ মোট প্রায় ১৮ লক্ষ টাকার সম্পদ চুরি হয়েছে।
অমিতবাবু জানান, খবর পেয়ে পুলিশ এসে সবকিছু পরিদর্শন করেছে। তিনি সঠিক তদন্তের জন্য পুলিশের কাছে আর্জি জানিয়েছেন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







