রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে এবার উদ্যোগী হল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সব রকম সাহায্য করতে ভারত প্রস্তুত বলে জানান তিনি। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধ থামাতে বিভিন্ন রাষ্ট্রনেতা চেষ্টা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ একাধিক নেতা উদ্যোগ নিলেও এখনও স্থায়ী সমাধান মেলেনি।
প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে দুই রাষ্ট্রনেতার ফোনালাপ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, জেলেনস্কি যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে মোদিকে অবগত করেন। পাশাপাশি সংঘাতের বর্তমান অবস্থা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।
আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধানের বার্তা
ফোনালাপে মোদি ভারতের মানবিক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন। তিনি জানান, রাশিয়া ও ইউক্রেনের সংঘাত আলোচনার মাধ্যমে মেটানো প্রয়োজন। কূটনৈতিক পথেই শান্তিপূর্ণ সমাধান খুঁজতে হবে। এই প্রক্রিয়ায় ভারত সব রকম সহযোগিতা করতে প্রস্তুত বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
এদিকে দুই দেশের মানুষের পারস্পরিক স্বার্থের কথা মাথায় রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন দুই নেতা। বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইউক্রেনের সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি উঠে আসে তাঁদের কথোপকথনে।
আবু ধাবির বৈঠক নিয়েও আলোচনা
জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর এক্স হ্যান্ডেলে নিজের বক্তব্য জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়েও পর্যালোচনা করেছেন তাঁরা।
শান্তি ফেরানোর প্রচেষ্টা নিয়ে জেলেনস্কির মতামত জানানোর জন্য তাঁকে ধন্যবাদ জানান মোদি। পাশাপাশি শান্তিপূর্ণ সমাধানে ভারতের অবদানের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে, জেলেনস্কি জানান, আবু ধাবিতে হতে চলা বৈঠকের প্রস্তুতি সম্পর্কে তিনি মোদিকে বিস্তারিত জানিয়েছেন। ইউক্রেন এই আলোচনার প্রতিটি বিষয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে রাশিয়াকেও সংঘাত কমানোর ক্ষেত্রে যথেষ্ট সদিচ্ছা দেখাতে হবে বলে মন্তব্য করেন তিনি।
খাদ্য করিডর নিয়েও আলোচনা
এদিনের ফোনালাপে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিও উঠে আসে। এর ফলে খাদ্য সরবরাহের ক্ষেত্রে তৈরি হওয়া সমস্যার মোকাবিলায় আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা। খাদ্য করিডর তৈরিতে ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়েও তাঁদের মধ্যে কথা হয়।
সব মিলিয়ে রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক উদ্যোগের উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই প্রচেষ্টায় রাশিয়ার অবস্থান কী হয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






