রায়গঞ্জে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত দিলীপ রায়ের। ছেলের মৃত্যুর খবর পেয়ে থানায় পৌঁছেছিলেন তাঁর মা। তবে ছেলের শেষ মুখ দেখতে চাননি তিনি। বরং ছেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁর মন্তব্য, “পাপী ছেলে চলে গিয়েছে, ভালো হয়েছে।” অসুস্থ ও অসহায় এই মা জানিয়েছেন, ছেলে বিয়ে করে আলাদা থাকত। এমনকি অসুস্থ মা-বাবার খোঁজও রাখত না।
ছেলের বিরুদ্ধে মায়ের ক্ষোভ
দিলীপের মৃত্যুর খবর পেয়ে তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে ছেলের শেষবারের মতো মুখ দেখতে চাননি তিনি। দৃঢ় কণ্ঠে বলেন, “যা হয়েছে, ভালো হয়েছে। পুলিশ নিজের যুক্তি মতো কাজ করেছে। আমার বুকের ওপর থেকে নেমে গিয়েছে। না হলে ওপরওয়ালা আমায় ক্ষমা করবে না। আমার ছেলে বেশি ভালো না। পাপী ছেলে চলে গিয়েছে, ভালো হয়েছে।”
ছেলের আচরণ নিয়ে কথা বলতে গিয়ে একবারও দ্বিধা করেননি তিনি। তাঁর কথায়, বিয়ের পর দিলীপ আলাদা থাকত। অসুস্থ মা-বাবার দায়িত্বও নিত না। ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের পর তাঁর এই মন্তব্য সামনে এসেছে।
নাবালিকার দেহ উদ্ধারের পর তদন্ত
পুজোর পর রায়গঞ্জের কুলিক জঙ্গলের ধার থেকে উদ্ধার হয় এক নাবালিকার দেহ। দু’দিন ধরে নিখোঁজ ছিল ওই শিশু। দেহ উদ্ধারের সময় পচন ধরেছিল বলে জানা যায়। প্রাথমিক তদন্তে শারীরিক নির্যাতনের পর খুনের সন্দেহ করে পুলিশ। এই ঘটনায় তদন্তে উঠে আসে দিলীপ রায়ের নাম।
ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল অভিযুক্ত। তাঁকে খুঁজতে তল্লাশি শুরু করে পুলিশ। এরপর সোমবার ভোররাতে অভিযুক্তের অবস্থান জানতে পারে তদন্তকারীরা।
পুলিশের অভিযানে গুলির লড়াই
সূত্রের খবর, সোমবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযোগ, পুলিশকে দেখে বিহার সীমান্তের দিকে পালানোর চেষ্টা করেন দিলীপ। তাঁকে আটকাতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান বলেও অভিযোগ।
এরপর আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই দিলীপের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জে চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে, অভিযুক্তের মায়ের মন্তব্যও এখন আলোচনার কেন্দ্রে।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






