শান্তিপুরের কালীপুজোর ইতিহাসে জড়িয়ে রয়েছে দুই দেবী আগমেশ্বরী ও মহিষখাগীকে ঘিরে আশ্চর্য কিংবদন্তি। সেই প্রাচীন বিশ্বাস ও প্রথা মেনেই এবারও সম্পন্ন হল দুই দেবীর বিসর্জন। স্থানীয়দের বিশ্বাস, দুই সতীন একসঙ্গে মুখোমুখি হলে অমঙ্গল ঘটতে পারে। এমনকি কোনও এক প্রতিমার অঙ্গহানির আশঙ্কাও রয়েছে বলে প্রচলিত ধারণা। তাই আজও দুই দেবীর বিসর্জন আলাদা সময়ে হয়।
দুই সতীনের মুখোমুখি হওয়া নিয়ে কিংবদন্তি
প্রচলিত কাহিনি অনুযায়ী, একবার নিরঞ্জনের পথে বেরিয়েছিলেন আগমেশ্বরী। একই সময়ে বিসর্জনের উদ্দেশ্যে বেরিয়েছিলেন মহিষখাগীও। পথে একটি জায়গায় দুই প্রতিমা মুখোমুখি হয়ে যায়। কথিত আছে, সেই ঘটনায় কোনও একটি প্রতিমার অঙ্গহানি হয়েছিল। এরপর থেকেই দুই দেবীকে একই সময়ে বিসর্জনে নিয়ে যাওয়া হয় না। প্রথমে বিসর্জন দেওয়া হয় মহিষখাগীকে। তারপর নিরঞ্জনের পথে যান আগমেশ্বরী। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রীতি মেনে চলছেন ভক্তরা।
আগমেশ্বরী পুজোর ইতিহাস
আগমেশ্বরীর আরাধনার সঙ্গে জড়িয়ে রয়েছে নবদ্বীপের তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের বংশধর সার্বভৌম আগমবাগীশের নাম। প্রচলিত কাহিনি অনুযায়ী, দেবীর স্বপ্নাদেশ পেয়েই তিনি গঙ্গার মাটি দিয়ে প্রতিমা নির্মাণ করেছিলেন। এরপর নিজেই মাথায় করে প্রতিমা নিয়ে গিয়ে বিসর্জন দেন।
আজও কোজাগরী লক্ষ্মীপুজোর দিন দেবীর পাটাতনের পুজো করা হয়। এরপর শুরু হয় প্রতিমা নির্মাণের কাজ। পুজোর দিন সকালে প্রতিমায় রং করা হয়। তারপর মধ্যরাতে হয় চক্ষুদান। এই পর্ব সম্পন্ন হওয়ার পর শুরু হয় দেবীর আরাধনা।
মহিষখাগীর পুজো ঘিরেও রয়েছে স্বপ্নাদেশের কাহিনি
অন্যদিকে, মহিষখাগীর পুজোর ইতিহাসেও রয়েছে এক আশ্চর্য কিংবদন্তি। বর্তমানে যেখানে দেবীর পুজো হয়, সেই এলাকায় একসময় বসবাস করতেন এক সন্ন্যাসী। খড়ের চালের ঘরে থাকতেন তিনি। প্রচলিত কাহিনি অনুযায়ী, একদিন স্বপ্নে দেবীর নির্দেশ পান ওই সন্ন্যাসী। একই সময়ে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রও স্বপ্নাদেশ পেয়েছিলেন বলে কথিত রয়েছে।
এরপর রাজার উদ্যোগেই তৈরি হয় দেবীর মন্দির। জনশ্রুতি অনুযায়ী, ১০৮টি মহিষ বলি দিয়ে এই পুজোর সূচনা হয়েছিল। সেই কারণেই দেবীর নাম হয় মহিষখাগী।
কিংবদন্তি, আচার এবং দীর্ঘদিনের বিশ্বাসকে ঘিরেই আজও বিশেষ পরিচিতি ধরে রেখেছে শান্তিপুরের এই দুই কালীপুজো। আর সেই পুরনো প্রথা মেনেই প্রতিবছর আলাদা সময়ে সম্পন্ন হয় দুই দেবীর বিসর্জন।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







