ডেবরায় প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ, দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন ডেবরার বিজেপি বিধায়ক শুভাশিস ওম। সোমবার সন্ধ্যার এই ঘটনায় বিধায়ক ছাড়াও বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। বর্তমানে বিধায়ক মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
তোলাবাজির অভিযোগ ঘিরে সংঘর্ষ
অভিযোগ, ডেবরা এলাকায় দীর্ঘদিন ধরেই একাংশের বিজেপি কর্মী ও সমর্থক তোলাবাজি চালাচ্ছিলেন। সাধারণ মানুষের ক্ষোভের পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখার প্রশ্নও উঠেছিল। বিধায়ক শুভাশিস ওমের অনুগামীরা এই অবৈধ কাজকর্মে বাধা দেন বলে অভিযোগ।
এরপরই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। ক্রমে সেই বচসা হাতাহাতিতে গড়ায়। শেষ পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটে। তাতেই বিধায়কসহ বেশ কয়েকজন আহত হন।
জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ
বিধায়ক শিবিরের সরাসরি অভিযোগ, এই তোলাবাজির পিছনে মদত রয়েছে বিজেপির জেলা সভাপতি তন্ময় দাসের। উল্লেখ্য, জেলা সভাপতি তন্ময় দাস ও বিধায়ক শুভাশিস ওমের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব দীর্ঘদিনের। দুই নেতার মধ্যে ক্ষমতার লড়াই নিয়েও দলের অন্দরে আলোচনা রয়েছে। সোমবারের ঘটনা সেই দ্বন্দ্বকে আরও একবার প্রকাশ্যে আনল।
এদিকে, ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি নেতা তন্ময় ঘোষ বলেন, “যা শুনলাম, উনি তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিলেন। কিছু দুষ্কৃতী লাগাতার তোলাবাজি করছিল। তিনি তা প্রতিরোধের চেষ্টা করছিলেন। সেই আক্রোশই গিয়ে পড়ে ওঁর ওপর। আমি শুনছি, হঠাৎ করেই বিজেপিতে আগমন হয়েছে ওদের।”
সব মিলিয়ে ডেবরায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ও তোলাবাজির অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







