উত্তর ২৪ পরগনার বসিরহাটে রায়মঙ্গল নদী থেকে উদ্ধার হল মা কালীর একটি মূর্তি। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। মাধবকাটি গ্রামের এক মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে মূর্তিটি দেখতে পান। তাঁর নাম বাবলু মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীতে মাছ ধরার সময় ভাসমান অবস্থায় মূর্তিটি নজরে আসে তাঁর। এরপর তিনি মূর্তিটি উদ্ধার করেন। তারপর সেটি নিয়ে মাধবকাটি গ্রামের একটি মন্দিরে স্থাপন করেন।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে মূর্তির ছবি
এরপর মূর্তিটির ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। খবর পৌঁছয় পাশের পূঁইজালী গ্রামে। সেখানকার মন্দির কমিটির সদস্য এবং গ্রামবাসীরা মাধবকাটিতে আসেন।
তাঁরা দাবি করেন, উদ্ধার হওয়া কালীমূর্তিটি তাঁদের গ্রামের মন্দিরের। কোনও কারণে মূর্তিটি সেখান থেকে নদীতে চলে এসেছিল বলে তাঁদের দাবি। এরপর মূর্তিটি নিজেদের বলে শনাক্ত করেন তাঁরা।
প্রশাসনের সহযোগিতায় মূর্তি ফিরল
দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে আলোচনার পর মাধবকাটি গ্রামবাসী ও প্রশাসনের সহযোগিতায় মূর্তিটি পূঁইজালীর মন্দির কমিটির হাতে তুলে দেওয়া হয়। অক্ষত অবস্থায় মায়ের মূর্তি ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন পূঁইজালীর বাসিন্দারা।
মন্দির কমিটির সদস্য উত্তম পাত্র জানান, মূর্তিটি ফিরে পেয়ে তাঁরা অত্যন্ত খুশি। মাধবকাটি গ্রামের বাসিন্দাদের সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, মূর্তিটি উদ্ধারের পর থেকে গোটা ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। দুই গ্রামের মানুষের সহযোগিতায় শেষ পর্যন্ত মূর্তিটি নিজের মন্দিরে ফিরে গেল।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







