রাজনীতির ময়দানে নেতা-নেত্রীদের বাক্যবাণ ও বিতর্কিত মন্তব্য নতুন কিছু নয়। তবে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত বাবাকে নিয়ে মন্তব্য করে তীব্র বিতর্কে জড়ালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তাঁর মন্তব্যের কড়া নিন্দা করে রাজনৈতিক শালীনতার সীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও এই ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ করেছেন। খাড়্গের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে গেরুয়া শিবির।
বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে পটনায় আয়োজিত একটি অনুষ্ঠানে এই বিতর্কের সূত্রপাত। রবিবার সেখানে বক্তব্য রাখার সময় দর্শকাসনে উপস্থিত সন্তোষ কুমার নামে এক ব্যক্তি খাড়্গেকে বাধা দেন বলে অভিযোগ। ওই ব্যক্তি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথাও যাবেন না। এর জবাবে উত্তেজিত হয়ে খাড়্গে বলেন, “মোদী কা বাপ ভি জায়েগা।” অর্থাৎ, মোদীর বাবাও চলে যাবেন। একই মন্তব্য তিনি দু’বার করেন বলে অভিযোগ।
এরপরই অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্তোষ কুমারকে ঘিরে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরে তাঁকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়। যদিও সন্তোষের দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
খাড়্গের মন্তব্যের তীব্র নিন্দা করে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রীর প্রয়াত বাবাকে নিয়ে মন্তব্য করে রাজনৈতিক শালীনতার সীমা অতিক্রম করেছেন কংগ্রেস সভাপতি। সমাজমাধ্যমে দেওয়া পোস্টে শাহ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে নিশানা করে বারবার আপত্তিকর ভাষা ব্যবহার করেছে কংগ্রেস। তাঁর দাবি, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস প্রতিনিয়ত রাজনৈতিক শালীনতার সীমা লঙ্ঘন করছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত জাতীয় রাজনীতি। রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ কতটা গ্রহণযোগ্য, তা নিয়েই নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







