নকশাল দমনের পর এবার মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে নতুন মিশনের ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২১ অক্টোবর দিল্লির ন্যাশনাল পুলিশ মেমোরিয়ালে পুলিশ স্মরণ দিবসের অনুষ্ঠানে তিনি জানান, ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে দেশকে মাদকমুক্ত করার লক্ষ্য স্থির করেছে কেন্দ্র। তাঁর কথায়, মাদকের বিরুদ্ধে লড়াই এখন একটি জাতীয় মিশন। দেশের মানুষের স্বাস্থ্য, অর্থনৈতিক সুরক্ষা এবং যুবসমাজের ভবিষ্যৎ রক্ষাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
অমিত শাহ বলেন, মাদক দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দুর্বল করে দিচ্ছে এবং অর্থনীতির উপর চাপ তৈরি করছে। পাশাপাশি, মাদক কারবারের সঙ্গে দেশবিরোধী কার্যকলাপের যোগ থাকার আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে লড়াইয়ে পুলিশ বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রক ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ইতিমধ্যেই ২০২৬ থেকে ২০২৯ সালের জন্য একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করেছে। এর চারটি প্রধান দিক হল—গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইন প্রয়োগ, মাদক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক ও কৃত্রিম মাদকের উপর নিয়ন্ত্রণ, মাদকের চাহিদা কমানো ও আসক্তদের পুনর্বাসন এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি।
কেন্দ্রের পরিকল্পনায় ১০০টিরও বেশি আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য মাদকচক্র ধ্বংস করা, মাদক সংক্রান্ত মামলায় পলাতক ১০০-রও বেশি অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা এবং মাদক তৈরির পরীক্ষাগার ধ্বংস করার লক্ষ্যও রয়েছে। তবে এই লক্ষ্যমাত্রা কতটা বাস্তবায়িত হয়, তা নির্ভর করবে আগামী বছরগুলিতে আইন প্রয়োগ, প্রতিরোধ ও পুনর্বাসনের কাজ কতটা কার্যকরভাবে এগোয় তার উপর।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







