দুর্গাপ্রতিমা নিরঞ্জন ঘিরে কোচবিহারে পরপর দুর্ঘটনা। তুফানগঞ্জ ও দিনহাটায় প্রতিমার কাঠামো ভেঙে পড়ে আহত হয়েছেন মোট সাতজন অস্থায়ী পুরকর্মী। বিজয়া দশমীর রাতে এই ঘটনাগুলিকে কেন্দ্র করে বিসর্জন ঘাটে চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুফানগঞ্জের নিউ টাউন বারোয়ারির দুর্গাপ্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। বিসর্জন ঘাটে প্রতিমা নামানোর সময় আচমকাই ভারসাম্য হারিয়ে সেটি ভেঙে পড়ে। ঘটনায় পাঁচজন অস্থায়ী পুরকর্মী আহত হন। তবে প্রতিমার নিচে কেউ চাপা পড়েননি বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে পুজো কমিটির সদস্য ও প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হয়।
অন্যদিকে, দিনহাটা পুরসভার থানাপাড়ার দিঘিতে মা মহামায়া পাটের দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় ঘটে আরেকটি দুর্ঘটনা। প্রতিমাটি উল্টে পড়ে আহত হন দুই পুরকর্মী, রতন রায় ও বিশ্বজিৎ বর্মন। তাঁদের অ্যাম্বুল্যান্সে করে দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
পরপর দুই দুর্ঘটনায় কোচবিহারের বিসর্জন ঘিরে উদ্বেগ ছড়িয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







