পর্দায় ফিরছেন রজনীকান্ত, সঙ্গে থাকছেন বলিউডের মহাগুরু মিঠুন চক্রবর্তী। আগামী ১৫ অক্টোবর মুক্তির অপেক্ষায় বহু প্রতীক্ষিত ছবি ‘জেলার ২’। প্রথম পর্বের বিপুল সাফল্যের পর সিক্যুয়েল নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। তবে ছবিতে অভিনয়ের আগে নির্মাতাদের কাছে একটি মজার শর্ত রেখেছিলেন মিঠুন। সম্প্রতি ‘জেলার ২ সুপার শো’-তে সেই অজানা কাহিনিই প্রকাশ্যে আনলেন খোদ থালাইভা।
রজনীকান্তের কথায়, ছবির প্রস্তাব পাওয়ার পর মিঠুন প্রথমেই জানতে চান, তাঁকে কি ভিলেনের চরিত্রে অভিনয় করতে হবে? আর সেই চরিত্রে থাকলে রজনীকান্তের হাতে মার খেতে হবে কি না। এরপরই নিজের শর্ত স্পষ্ট করে দেন মহাগুরু। তাঁর দাবি, ছবিতে রজনীকান্তের চরিত্র কোনওভাবেই তাঁকে মারতে পারবে না, এমনকি তাঁর দিকে গুলিও চালাতে পারবে না!
মিঠুনের এই শর্ত শুনে নির্মাতারাও বেশ মজা পান। তবে অভিনেতার কথা রাখতে শেষ পর্যন্ত চিত্রনাট্যে কিছু পরিবর্তন আনতে হয় বলে জানা গিয়েছে। সবকিছু মিলে যাওয়ার পরেই ‘জেলার ২’-তে অভিনয়ে সম্মতি দেন মিঠুন।
রজনীকান্তের স্টাইলিশ অ্যাকশন আর মিঠুনের পর্দার উপস্থিতি—দুই তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। এখন দেখার, বড় পর্দায় এই জুটির রসায়ন দর্শকদের কতটা মন জয় করতে পারে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







